গাজীপুর শহরে এক মাদরাসা ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে চার মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে বলে বুধবার পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে প্রধান আসামি হলেন শান্ত ইসলাম ওরফে এ রহমান (২২)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. আলমগীর হোসেন জানান, ছেলেটির বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে ১২ সেপ্টেম্বর গাছা থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার এজাহারে বলা হয়, গত ৮ সেপ্টেম্বর মাদরাসার কক্ষে শান্ত ছেলেটিকে যৌন হয়রানি করে। পরে ছেলেটি বাড়ি ফিরে তার বাবাকে ঘটনা জানায়।
আলমগীর হোসেন বলেন, "১২ সেপ্টেম্বর ছেলেটির বাবা মাদরাসা কর্তৃপক্ষের কাছে এ ঘটনার বিচার চাইতে যান। কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয়ায় তার বাবা গাছা থানায় একটি অভিযোগ দায়ের করেন।"
অভিযোগের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করতে গেলে মাদরাসার অধ্যক্ষসহ অন্য দুই শিক্ষক তাদের বাধা দেন।
পরে পুলিশ তাদের সবাইকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তার করেছে বলে জানান এই কর্মকর্তা।