আগামী সপ্তাহে সমাহিত করার পূর্ব পর্যন্ত ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ লন্ডনের ওয়েস্টমিনস্টার হলে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত থাকবেন। সেখানে রানীর জন্য এক সংক্ষিপ্ত ধর্মীয় আয়োজন পালিত হয়।
বুধবার এলিজাবেথের কফিনটি লন্ডনের সড়ক ধরে এক ভাবগম্ভীর শোভাযাত্রার মধ্য দিয়ে ওয়েস্টমিনস্টার হলে নিয়ে যাওয়া হয়। তার কফিন বহনকারী কামানের গাড়ির পেছনে হাঁটছিলেন রাজা তৃতীয় চার্লস ও তার দুই ছেলে উইলিয়াম ও হ্যারি, চার্লসের বোন অ্যান এবং দুই ভাই অ্যান্ড্রু ও এডওয়ার্ড। কফিনটি রাজকীয় পতাকায় মোড়ানো ছিল। সেটির উপরে ছিল একটি পুষ্পস্তবক এবং একটি বেগুনী গদির উপর রাখা রত্নখচিত রাজমুকুট।
কফিনটি বাকিংহাম রাজপ্রাসাদ থেকে যাত্রা আরম্ভ করে। তার আগে কফিনটি স্কটল্যান্ড থেকে ইংল্যান্ডে নিয়ে আসার পর রাতে সেটি বাকিংহামেই রাখা ছিল। রানীর প্রতি ব্রিটেন শ্রদ্ধা নিবেদন করার এই সময়ে বিগ বেন-এর ঘন্টাটিও বেজে ওঠে।
ওয়েস্টমিনস্টার হলে অনুষ্ঠিত ধর্মীয় আয়োজনটিতে ক্যানটারবেরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি এবং ওয়েস্টমিনস্টার-এর ডিন ডেভিড হয়েল প্রার্থনা পাঠ করেন। ঐতিহাসিক এই আয়োজনে উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন, ডাচেস অফ সাসেক্স মেগান এবং রাজার স্ত্রী (কুইন কনসর্ট) ক্যামিলা। আয়োজনের শেষে সেখানে ঘন্টাগুলো বেজে ওঠে।
১১ শতকের এই ওয়েস্টমিনস্টার হলে রানী চারদিন রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত থাকবেন। হলটি প্রতিদিন দর্শনার্থীদের জন্য ২৩ ঘন্টা খোলা রাখা হবে। রাজকীয় সৈন্যরা সেখানে পাহারায় নিয়োজিত থাকবেন। ধারণা করা হচ্ছে সেখানে বিপুল মানুষের সমাগম হবে।
ওয়েস্টমিনস্টার অ্যাবি-তে ১৯ সেপ্টেম্বর রানীর অন্ত্যেষ্টিক্রিয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। আশা করা হচ্ছে বহু বিশ্বনেতা অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিবেন। এরপর কফিনটি উইন্ডসরে সমাহিত করার জন্য নিয়ে যাওয়া হবে। ২০২১ এর এপ্রিলে উইন্ডসরেই রানীর স্বামী প্রিন্স ফিলিপকেও চিরনিদ্রায় শায়িত করা হয়।