বাংলাদেশের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে এক যুবক আহত

নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে আহত যুবক

বাংলাদেশের বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের এই ঘটনা ঘটে।

আহত অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা (২২) ঘুমধুম ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের তমব্রু হেডম্যানপাড়া এলাকার অং কিউ থাইং তঞ্চঙ্গ্যা'র ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একে. এম.জাহাঙ্গীর আজিজ। তিনি জানিয়েছেন যে, নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের ৩৫ নম্বর পিলার এলাকায় স্থলমাইন বিস্ফোরণে তমব্রু হেডম্যানপাড়ার অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা নামে যুবক আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, “চড়ানোর সময় তার গরু সীমান্তের ওপারে চলে যায়। গরুটিকে ফিরিয়ে আনতে গেলে, পুঁতে রাখা স্থলমাইন বিষ্ফোরিত হয়ে অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা'র বাম পায়ের গোড়ালিসহ পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হলে, সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে, উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।”

ঘুমধুম ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. আনোয়ার হোসেন জানান, “সীমান্ত থেকে গরু আনতে গিয়ে স্থল মাইন বিষ্ফোরিত হয়ে তমব্রু হেডম্যানপাড়ার অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা নামে একজন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।”

আহত অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করার পর, অবস্থার অবনতি হলে, তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।