বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জিমে ফিটনেস চর্চার সময় আঘাত পাওয়ায়, তার পায়ে ছয়টি সেলাই দেওয়া হয়েছে।
বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছে, মুশফিককে অন্তত দুই সপ্তাহ ক্রিকেট থেকে দূরে থাকতে হবে।
সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিক। এখন থেকে আন্তর্জাতিক ক্রিকেটের অন্য দুটি ফরম্যাটে মনোযোগ দিতে চান বলে জানান তিনি।
এক দশকেরও বেশি সময় ধরে তিনি ক্রিকেট খেলছেন। অভিজ্ঞ এই ব্যাটার বাংলাদেশের ব্যাটিং লাইন আপের অন্যতম প্রধান ভিত্তি। তবে টি-টোয়েন্টিতে বারবার নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন মুশফিক। এশিয়া কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশের বাজে পারফরমেন্সের পর এই ফরম্যাটে তার অবসরের ঘোষণা আসে।
এশিয়া কাপে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচে মাত্র পাঁচ রান করেছেন মুশফিক।