ইউক্রেনে আক্রমণ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুতিনের; ভারত ও চীনের মন জয়ের চেষ্টা

উজবেকিস্তানের সমরকন্দে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) এর সম্মেলন চলাকালীন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (বামে) চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে আলাপ করছেন, ১৬ সেপ্টেম্বর ২০২২।

ইউক্রেনের সর্বসাম্প্রতিক পাল্টা আক্রমণ সত্ত্বেও শুক্রবার ইউক্রেনে নিজেদের আক্রমণটি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসাথে তিনি সতর্ক করেন যে, ইউক্রেনের বাহিনী যদি রাশিয়ার স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানায় তাহলে রাশিয়া ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নিজেদের হামলার মাত্রা বৃদ্ধি করতে পারে।

উজবেকিস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দেওয়ার পর, শুক্রবার সাংবাদিকদের সাথে আলাপকালে পুতিন বলেন, ইউক্রেনের ডনব্যাসের পূর্বাঞ্চলের সম্পূর্ণ এলাকা “স্বাধীন” করাই রাশিয়ার প্রধান সামরিক লক্ষ্য এবং তিনি সেই লক্ষ্য সংশোধনের কোন কারণ দেখেন না।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, “আমাদের কোন তাড়া নেই”। তিনি আরও বলেন যে, রাশিয়া শুধুমাত্র সেচ্ছায় আসা সৈন্যদেরই ইউক্রেনে লড়াই করতে পাঠিয়েছে। কিছু কট্টরপন্থী রাজনীতিবিদ ও সামরিক ব্লগাররা রাশিয়ার সেনাস্বল্পতার বিষয়ে খেদ জানিয়ে ক্রেমলিনকে অনুরোধ করেছেন, যেন তারা ইউক্রেনের উদাহরণ অনুসরণ করে এবং বৃহৎ পরিসরে সেনা মোতায়েন করে যাতে করে সেনাশক্তি বৃদ্ধি করা যায়।

এদিকে, পুতিন শুক্রবার ইউক্রেন সংঘাত বিষয়ে ভারতের উদ্বেগগুলো প্রশমিত করার চেষ্টা করেছেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেন যে, রাশিয়া দ্রুত লড়াইয়ের অবসান চায় কিন্তু অভিযোগ করেন যে ইউক্রেনের কর্মকর্তারা আপোষ আলোচনা করতে চাইছেন না।

রাশিয়ার প্রেসিডেন্ট মোদীকে বলেন, “আমি ইউক্রেন সংঘাত বিষয়ে আপনার অবস্থান জানি এবং আপনারা বারবার যেই উদ্বেগগুলোর কথা বলেছেন সেগুলো জানি। এটি যথাসম্ভব দ্রুত শেষ করার জন্য আমাদের পক্ষে সম্ভব সবকিছুই আমরা করব। দুঃখজনকভাবে, অপরপক্ষ, [অর্থাৎ] ইউক্রেনের নেতৃত্ব আলোচনার প্রক্রিয়া নাকচ করে দিয়েছে এবং জানিয়েছে যে তারা যুদ্ধক্ষেত্রে সামরিক পন্থায় তাদের লক্ষ্য অর্জন করতে চায়।”

মোদীর সাথে আলাপকালে পুতিনের মন্তব্যগুলো, গত বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠককালে তার করা মন্তব্যগুলোরই পুনরাবৃত্তি। সেসময়ে পুতিন ইউক্রেন যুদ্ধে শি জিনপিংয়ের সরকারের “ভারসাম্যমূলক অবস্থানের” জন্য তাকে ধন্যবাদ জানান। একইসাথে তিনি এও বলেন যে, ইউক্রেন বিষয়ে চীনের অনির্দিষ্ট “উদ্বেগগুলো” নিয়ে আলাপ করতে তিনি প্রস্তুত রয়েছেন।