শিগগির বাংলাদেশ সফর করবেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান: পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন

৭৭তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে, নিউইয়র্কে হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী পিটার সিজারতো’র সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ২৪ সেপ্টেম্বর, ২০২২।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান শিগগির বাংলাদেশ সফরে আসবেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে দুই দেশ বেশ কয়েকটি সহযোগিতা চুক্তি সই করবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, ৭৭তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে, নিউইয়র্কে হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী পিটার সিজারতো’র সঙ্গে বৈঠক করেন এবং সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “বাংলাদেশ সফরে আসবেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। ঐ সফরে সকল অমীমাংসিত চুক্তি সই হবে। পারস্পরিক আলোচনার মাধ্যমে সফরের তারিখ চূড়ান্ত করা হবে।”

সংশ্লিষ্ট কর্তপক্ষ জানিয়েছে, হাঙ্গেরি, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা ১৪০ থেকে বাড়িয়ে ২৪০ করেছে। এছাড়া, রোহিঙ্গা সমস্যার সমাধানেও বাংলাদেশকে সহায়তা করবে হাঙ্গেরি।

এ বছর হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবানের বাংলাদেশ সফর নিয়ে, কাজ করছেন দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী।