বাংলাদেশের পঞ্চগড়ে করতোয়া নদীতে ইঞ্জিন চালিত নৌকাডুবির দুর্ঘটনায় নিহত বা আহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
সোমবার (২৬ সেপ্টেম্বর) শোকবার্তায় যুক্তরাষ্ট্রের দূতাবাস বলেছে, “পঞ্চগড়ে মহালয়া উদযাপন শেষে ফেরার সময় করতোয়া নদীতে নৌ-দুর্ঘটনায় নিহতদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।”
শোকবার্তায় যুক্তরাষ্ট্রের দূতাবাস আরও বলেছে, “আমরা ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারের জন্য আমাদের আন্তরিক সহানুভূতি ও প্রার্থনা জানাই।”
ইউরোপীয় ইউনিয়নও অনুরূপ শোকবার্তায় নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে।
উল্লেখ্য, রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বধেশ্বর মন্দিরে (নদীর অপরপাড়ে) মহালয়া উপলক্ষে এক বিশাল ধর্মসভার আয়োজন করা হয়। নিহতদের সকলেই ডুবে যাওয়া নৌকায় করে ঐ ধর্মসভায় যাচ্ছিলেন।