বাংলাদেশ-মেক্সিকোর সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ এবং মেক্সিকোর জাতীয় পতাকা


বাংলাদেশ এবং মেক্সিকো সরকারের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার ( ৩০ সেপ্টেম্বর) মেক্সিকো সিটির লস পিনোসে, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং মেক্সিকো সরকারের পক্ষে সংস্কৃতি সচিব আলেহান্দ্রা ফ্রাউস্টো গেরেরো স্মারকে স্বাক্ষর করেন। শনিবার (১ অক্টোবর) বাংলাদেশের দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাক্ষর অনুষ্ঠানে মেক্সিকো সংস্কৃতি মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. পাবলো রাফায়েল দেলা মাদ্রিদ, আইন উপদেষ্টা এরেন্দিরা ক্রজ ভিজ়েগাস এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম এবং কাউন্সেলর শাহনাজ আখতার রানু।

এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে উভয় দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্মৃতিস্তম্ভ সংরক্ষণ ও পুনরুদ্ধারের জন্য নির্ধারিত গ্রন্থাগার, জাদুঘর, আর্কাইভ এবং বিভাগগুলোর মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের সুযোগ সৃষ্টি হবে। সেইসঙ্গে চিত্রশিল্পী ও কারিগর, শিল্প সমালোচক, লোকশিল্প বিশেষজ্ঞ, লোককাহিনী ও অডিওভিজ্যুয়াল প্রযোজক বিনিময় এবং শিল্পের অন্যান্য ক্ষেত্র; যেমন সঙ্গীত, ভিজ্যুয়াল আর্ট, সিনেমাটোগ্রাফি সংরক্ষণে এবং পুনরুদ্ধারে এই সমঝোতা স্মারক ইতিবাচক ভূমিকা রাখবে।

এছাড়া, প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, সাহিত্যের অনুবাদ, পারফরমিং আর্ট, ভিজ্যুয়াল আর্ট ও সাহিত্যে সহযোগিতার পাশাপাশি উভয় দেশে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব, বইমেলা এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানে একে অপরের অংশগ্রহণকে উৎসাহিত করবে এই সমঝোতা স্মারক।