ইউক্রেনের পূর্বাঞ্চলে লাইম্যান শহর পুনর্দখল করেছে ইউক্রেন বাহিনী

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ চলাকালীন ডনেটস্ক অঞ্চলের লাইম্যান শহরে একটি ট্যাংক থেকে বাইরে তাকিয়ে দেখছেন ইউক্রেনের এক সৈন্য, ২৮ এপ্রিল ২০২২। (ফাইল ফটো)

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক রবিবার টুইটারে পোস্ট করা এক গোয়েন্দা প্রতিবেদনে জানিয়েছে যে শনিবার যে রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলের ডনেটস্ক-এর গুরুত্বপূর্ণ লাইম্যান শহর থেকে পিছু হটেছে, তারা “খুব সম্ভবত ব্যাপক হতাহতের শিকার হয়েছে, যখন তারা শহরটি থেকে বের হওয়ার পথগুলোর মধ্যে, এখনও রুশ নিয়ন্ত্রণে থাকা একমাত্র সড়কটি ব্যবহার করে ঐ শহর ছেড়ে যায়”।

সেটিতে আরও বলা হয়: “এমন পিছু হটা আরও একদফায় রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রকাশ্য সমালোচনার সৃষ্টি করেছে … অবৈধভাবে দখলকৃত এলাকাগুলোতে আরও এলাকা হাতছাড়া হওয়া্ প্রায় নিশ্চিতভাবেই এমন প্রকাশ্য সমালোচনা জোরদার করবে এবং ঊর্ধ্বতন কমান্ডারদের উপর চাপ বৃদ্ধি করবে।”

ঐ অঞ্চলটি রাশিয়া নিজ ভূখণ্ডের অধিভুক্ত করার মাত্র একদিন পর লাইম্যান ইউক্রেনের হাতে পুনর্দখল হলে রুশ সৈন্যরা সেখান থেকে পালিয়ে যায়। ইউক্রেনের পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে আরও তিনটি অঞ্চলও অধিভুক্ত করেছে রাশিয়া।

শনিবার সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে শহরটির উপকন্ঠে ইউক্রেনের সৈন্যদের একটি পতাকা উড়াতে দেখা যায়। এক সৈন্য বলছিলেন, “লাইম্যান [এর মত একইভাবে] ইউক্রেন [মুক্ত] হবে”। সিভেরস্কি ডনেটস নদীর তীরে অবস্থিত ঐ শহরটি মে মাসে রুশদের হাতে চলে যায়। তখন থেকে ঐ শহরটির রেল জংশনটিকে, রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলের ডনেটস্ক অঞ্চলে লড়াইরত নিজেদের হাজার হাজার সৈন্যদের রসদ সরবরাহের জন্য একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে ব্যবহার করে আসছিল।

একই সময়, ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন যে, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চল থেকে পলায়নরত মানুষজনের এক গাড়িবহরে রুশ বাহিনীর চালানো হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১০টি শিশুও ছিল। প্রতিবেদনটি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।