চিকিৎসাশাস্ত্রে এবারের নোবেল বিজয়ী সুইডেনের বিজ্ঞানী সভান্তে পাবো

ম্যাক্স-প্ল্যাঙ্ক-গেসেলশাফট-এর দেওয়া এই ছবিতে ২৭ এপ্রিল ২০১০ তারিখে জার্মানীর লিবজিগ-এ সুইডেনের বিজ্ঞানী সভান্তে পাবো-কে দেখা যাচ্ছে।

চিকিৎসা শাস্ত্রে এ বছরের নোবেল পুরস্কারটি সুইডেনের এক বিজ্ঞানীকে দেওয়া হয়। তিনি নিয়ানডারথাল ডিএনএ উন্মোচন করেছেন। নিয়ানডারথালরা আধুনিক মানুষের সবচেয়ে সদৃশ, বিলুপ্ত এক প্রজাতি।

সোমবার এক বিবৃতিতে নোবেল অর্গানাইজেশন জানায় যে, “আমাদের বিবর্তনের ইতিহাস নিয়ে গবেষণা করার এক নতুন পদ্ধতির প্রবর্তক হিসেবে” সভান্তে পাবো-কে সম্মানিত করা হচ্ছে।

প্রতিষ্ঠানটি বলে, ৬৭ বছর বয়সী সুইডেনের এই নাগরিক সংবেদনশীলভাবে নাজুক, আদিম ডিএনএ-গুলোর নমুনা পরীক্ষা করার চরম কারিগরী চ্যালেঞ্জগুলো উতরেছেন, যাতে করে সেগুলোর জিন রহস্য উন্মোচন করা যায়।

বিবৃতিতে বলা হয়, “এর পরেই আসে, ডেনিসোভা নামের আরেক বিলুপ্ত হোমিনিম সম্পর্কে তার যুগান্তকারী আবিষ্কারটি, যেই আবিষ্কারটি সম্পূর্ণভাবে আঙ্গুলের একটি ছোট হাঁড়ের নমুনা থেকে জিন সম্পর্কিত তথ্য উন্মোচন করার মাধ্যমে করা হয়।”

পাবো’র কাজের মাধ্যমে প্রমাণিত হয় যে, “সহাবস্থানের সময়কালীন” হোমো সেপিয়েন, নিয়ানডারথাল ও ডেনিসোভানরা মিলিত হয়। যার ফলে্ আধুনিক মানুষের মধ্যেও আদিমযুগের ডিএনএ প্রবেশ করে।

পাবো জার্মানীর লিবজিগ-এ অবস্থিত ম্যাক্স প্ল্যাঙ্ক ইন্সটিটিউট ফর এভোলিউশনারি অ্যানথ্রোপলোজি এবং জাপানের ওকিনাওয়া-তে অবস্থিত ওকিনাওয়া ইন্সটিটিউট অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি দ্বারা স্বীকৃত।

এই সপ্তাহে ঘোষণা হওয়ার কথা থাকা পাঁচটি পুরস্কারের মধ্যে, চিকিৎসাশাস্ত্রের পুরস্কারটিই প্রথমে ঘোষণা করা হল। শুক্রবার নোবেল শান্তি পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে এ বছরের পুরস্কারগুলোর ঘোষণা শেষ হবে। অর্থনীতি বিষয়ে পুরস্কারটি ১০ অক্টোবর ঘোষণা করা হবে। অর্থনীতি বিষয়ক পুরস্কারটিই একমাত্র পুরস্কার, যেটি সুইডেনের উদ্ভাবক আলফ্রেড নোবেল তার উইল বা মৃত্যু পরবর্তী ইচ্ছাপত্রটিতে তৈরি করে যাননি।

নোবেল পুরস্কারের আনুষ্ঠানিক আয়োজনটি ডিসেম্বরে স্টকহোমে অনুষ্ঠিত হবে।