ঝাপোরিঝিয়ায় আবাসিক ভবনগুলোতে রুশ হামলা

ইউক্রেনের ইমার্জেন্সি সার্ভিসের দেওয়া এই ছবিতে দেখা যাচ্ছে, ঝাপোরিঝিয়ায় ‍গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত এক ভবনে উদ্ধারকর্মীরা কাজ করছেন, ৬ অক্টোবর ২০২২।

ইউক্রেনের এক কর্মকর্তা বৃহস্পতিবার বলেন যে, ঝাপোরিঝিয়ায় আবাসিক ভবনগুলোতে গোলাবর্ষণ করা হয়েছে যাতে অন্তত দুইজন নিহত হয়েছেন।

ঝাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর ওলেকসান্দার স্টারুখ টেলিগ্রামে পোস্ট করেন যে, হামলাটির পর ধ্বংসস্তুপে আরও পাঁচজন আটকা পড়ে রয়েছেন।

ইউক্রেন শহরটি নিয়ন্ত্রণ করলেও ঝাপোরিঝিয়া অঞ্চলের বেশিরভাগই রুশ দখলে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার এক আইনে স্বাক্ষর করে ঘোষণা দেন যে, ঝাপোরিঝিয়া সহ আরও তিনটি অঞ্চলকে রাশিয়ায় অধিভুক্ত করা হচ্ছে। এমন পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে সেটির প্রতি ইউক্রেন ও তাদের পশ্চিমা সহযোগীরা সহ জাতিসংঘও নিন্দা জানিয়েছে।

ঝাপোরিঝিয়ায় ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি অবস্থিত। সাম্প্রতিক মাসগুলোতে ঐ এলাকায় গোলাবর্ষণের ফলে আন্তর্জাতিক মহলে সেখানে একটি পারমাণবিক বিপর্যয়ের শঙ্কা বৃদ্ধি পেয়েছে।

এদিকে, জাতিসংঘের পরমাণু শক্তি বিষয়ক সংস্থার প্রধান, রাফায়েল গ্রসি’র এই সপ্তাহে কিয়েভ ও মস্কো সফর করার কথা রয়েছে। তিনি বলেছেন, কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে তিনি এই সফর করবেন। বুধবার তিনি বলেন যে, বিদ্যুৎকেন্দ্রটির আশেপাশে একটি সুরক্ষা এলাকার প্রয়োজনীয়তা “অন্য যে কোন সময়ের চাইতে এখন বেশি জরুরি”।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তার প্রাত্যহিক সান্ধ্যকালীন বক্তব্যে বুধবার বলেন যে, তার বাহিনী খেরসন অঞ্চলে নভোভসক্রিসেন্সকে, নভোরিহরিভকা, ও পেট্রোপাভলিভকা নামের তিনটি গ্রাম দখল করেছে। খেরসন অঞ্চলও রাশিয়ার অধিভুক্ত দাবিকৃত এলাকাগুলোর অন্তর্ভুক্ত।

জেলেন্সকি তার বক্তব্যে বলেন যে, পুতিন “ইতোমধ্যেই পরাজিত হয়েছেন”। ফেব্রুয়ারির শেষদিকে পুতিনের আরম্ভ করা এই যুদ্ধটিকে জেলেন্সকি “আপনার দেশের সকল সম্ভাবনার জন্য আত্মঘাতী [পদক্ষেপ]” হিসেবে আখ্যায়িত করেন।

এদিকে, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট -এর প্রধান, স্যামান্থা পাওয়ার বৃহস্পতিবার কিয়েভ পৌঁছান। এজেন্সিটি জানিয়েছে যে, ইউক্রেনের মানুষজনকে আরও কার্যকরভাবে কিভাবে সহায়তা করা যায়, সে বিষয়ে সরকারি কর্মকর্তা, ‍কৃষক, সাংবাদিক, উদ্যোক্তা ও বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্মীদের সাথে সাক্ষাৎ করতে এই সফরটি করা হচ্ছে।