ইথিওপিয়ার টিগ্রায় বিষয়ে এ-ইউ শান্তি আলোচনা স্থগিত

ইথিওপিয়ান ন্যাশনাল ডিফেন্স ফোর্স (ইএনডিএফ) ও টিগ্রায় পিপল’স লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) এর মধ্যে লড়াইয়ের সময়ে ধ্বংস হওয়া একটি ট্যাংক, ইথিওপিয়ার আমহারা অঞ্চলের গাশেনা’র একটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যাচ্ছে, ৭ ডিসেম্বর ২০২১।

কূটনীতিকরা জানিয়েছেন যে, আফ্রিকান ইউনিয়ন (এইউ) এর পৃষ্ঠপোষকতায় এই সপ্তাহান্তের জন্য পরিকল্পিত, ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকার ও টিগ্রায় এর বিদ্রোহীদের মধ্যকার শান্তি আলোচনাটি আয়োজনজনিত সমস্যার কারণে বিলম্বিত করা হয়েছে।

এইউ কমিশনের সভাপতি, ‍মুসা ফাকি মাহামাত, যুদ্ধরত পক্ষগুলোকে দক্ষিণ আফ্রিকায় একটি সম্মেলনে অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানান বলে, ফাঁস হওয়া একটি চিঠি থেকে জানা যায়।

আলোচনাটি এইউ এর বিশেষ দূত ওলুসেগুন ওবাসানজো সহ দক্ষিণ আফ্রিকার সাবেক ডেপুটি প্রেসিডেন্ট ফুমজিলে মামবো-নকুকা এবং কেনিয়ার সাবেক প্রেসিডেন্ট উহুরু কেনিয়াটার মধ্যস্থতায় হওয়ার কথা ছিল।

ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকার বুধবার বলে যে, তারা আমন্ত্রণটি গ্রহণ করেছে। টিগ্রায়-এর বিদ্রোহীরা বলে যে, তারা অংশগ্রহণ করতে “প্রস্তুত”, কিন্তু লজিস্টিকস, নিরাপত্তা ব্যবস্থা ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকার বিষয়ে “ব্যাখ্যা” জানতে চায় তারা।

কূটনৈতিক সূত্রগুলো ভিওএ-কে বলে যে, লজিস্টিকস এবং আলোচনাটির কাঠামোগত দিক সম্পর্কিত বিষয়গুলো নির্ধারণ করার জন্য আলোচনাটি পিছিয়ে দেওয়া হয়েছে।

সরকার ও বিদ্রোহী টিগ্রায় পিপল’স লিবারেশন ফ্রন্টের মধ্যকার পাঁচ মাসব্যাপী যুদ্ধবিরতিটি আগস্ট মাসে ভেঙ্গে যায়।

গতমাসে, টিগ্রায় বিদ্রোহীদের নেতৃত্ব দাবি করে যে, তাদের অঞ্চলের ভেতরে, ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকারের বাহিনীগুলোকে সমর্থন করতে ইরিত্রিয়া আক্রমণ আরম্ভ করেছে্। এর জবাবে তারা “টিগ্রায় এর সকল মানুষকে” লড়াইতে যোগ দেওয়ার আহ্বান জানায়।

এই সপ্তাহে টিগ্রায় এর উত্তর-পশ্চিমাঞ্চলের আদি দায়েরো শহরে এক বিমান হামলায় ৬৫ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে, ত্রাণকর্মী ও টিগ্রায় এর বাহিনী জানিয়েছে। কেন্দ্রীয় সরকার বলেছে যে, ঐ এলাকায় তাদের বিমানহামলাগুলো সামরিক লক্ষ্যবস্তুগুলোকে উদ্দেশ্য করে চালানো হয়েছে।