যুক্তরাষ্ট্রে সোমবার পালিত হল কলম্বাস দিবস ‍ও আদিবাসী দিবস

২৭ আগস্ট ২০১৭ তারিখে তোলা এই ছবিতে নিউইয়র্কে ক্রিস্টোফার কলম্বাসের একটি ভাস্কর্য দেখা যাচ্ছে। সোমবার যুক্তরাষ্ট্রে কলম্বাস দিবস। প্রেসিডেন্ট জো বাইডেন সোমবারকে “আদিবাসী দিবস” হিসেবেও ঘোষণা করেছেন। (ফাইল ফটো)

সোমবার যুক্তরাষ্ট্রে কলম্বাস দিবস পালিত হচ্ছে। দিনটি একটি জাতীয় ছুটির দিন। এদিন আমেরিকা মহাদেশের তথাকথিত আবিষ্কারক, ইতালীর অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাসকে উদযাপন করা হয়।

গত বছরের মত এবছরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবারকে “আদিবাসী দিবস” হিসেবে ঘোষণা দিয়েছেন। তার এমন ঘোষণা আদিবাসী দিবসকে জাতীয় ছুটি বানায় না, তবে বাইডেনের এই দিবসটি পালনের ঘোষণাটি, অক্টোবর মাসের দ্বিতীয় সোমবার সেটি পালনের আহ্বান জানায়, যা কিনা কলম্বাস দিবসের একই দিনে পড়ে।

আদিবাসী আমেরিকান ও অন্যান্য গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরেই কলম্বাস দিবস পালনকে অপমানজনক হিসেবে বিবেচনা করে আসছে, কারণ এই দিবসটি প্রচলিতভাবে, কলম্বাস ও তার জাহাজের নাবিকেরা যে মৃত্যু, ধ্বংসযজ্ঞ ও রোগবালাই আমেরিকায় বয়ে এনেছিলেন, সেই বিষয়গুলো উপেক্ষা করে যায়।

কলম্বাসের আগমনের হাজার হাজার বছর পূর্ব থেকে আমেরিকায় যে সংস্কৃতি বিরাজমান ছিল, সেটির স্বীকৃতি দিয়ে একটি দিবসের দাবি ধীরে ধীরে যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তা পাচ্ছে। ১২টিরও বেশি অঙ্গরাজ্য ও অনেক শহরই অক্টোবরের দ্বিতীয় সোমবার আনুষ্ঠানিকভাবে আদিবাসীদের অবদানের স্বীকৃতি দিচ্ছে।

তা সত্ত্বেও, এখনও যুক্তরাষ্ট্রে বেশিরভাগ ক্ষেত্রেই ক্যালেন্ডারগুলোতে কলম্বাস দিবসই সূচিত করা থাকে এবং সোমবার দিন অনেকে তাকেই সম্মানিত করবেন।