বরিশালে ইলিশ সংরক্ষণ অভিযানে পুলিশের ওপর হামলা: ৩১২ জনের বিরুদ্ধে মামলা

ইলিশ মাছ

বাংলাদেশের বরিশালের হিজলায়, মা ইলিশ সংরক্ষণ অভিযানে পুলিশ ও মৎস্য কর্মকর্তার ওপর হামলার ঘটনায়, ৩১২ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপু‌রে হিজলা থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম বাদী হয়ে এই মামলা ক‌রেন।

এর আগে, বৃহস্পতিবার ভোর ৫টায় উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নের খালিশপুর সংলগ্ন মেঘনা নদীতে জেলেদের হামলার শিকার হয় পুলিশসহ ২০ জন।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিঞা জানান, “জেলেদের হামলায় উপজেলা মৎস্য কর্মকর্তা ও পুলিশসহ ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় করা মামলায় ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিনশ’ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও বেআইনিভবে জনতার ওপর হামলা করে আহত করার অভিযোগ আনা হয়েছে।”

ওসি আরও জানান, “হামলার পর নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর, একটি ট্রলার ও একশ মিটার জাল জব্দ করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

তিনি আরও বলেন, “হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজের নেতৃত্বে ১৬ পুলিশ সদস‌্যসহ মোট ২০ জনের একটি দল ভোর ৫টার দিকে মেঘনা নদীতে খালিশপুর সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সেখানে ইলিশ শিকাররত জেলেদের কাছাকাছি যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের ওপর হামলা করা হয়। জেলেরা বাঁশ ও লাঠিসোটা নিয়ে এলোপাথারি পিটিয়ে, দলের সকলকে আহত করে। কনস্টেবল মাহফুজ বেশি আহত হয়েছে। তাকে হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়েছে।”

“পরিস্থিতি শান্ত করতে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি করেছে। তখন জেলেরা পালিয়ে যায়। এ সময় তাদের ধাওয়া করে একটি ট্রলার ও জালসহ ৯ জেলেকে আটক করা হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে;” জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুস মিঞা।