গুণগত অভিবাসন নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ বাংলাদেশ: প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ

প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ

বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, “বাংলাদেশ সব ধরনের অনিয়মতান্ত্রিক অভিবাসনকে নিরুৎসাহিত করে এবং গুণগত অভিবাসন নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে ব্রুনাইয়ের পররাষ্ট্রমন্ত্রী এইচ. ই দাতো সেরি সেতিয়া হাজী এরিওয়ান বিন পেহিন দাতু পে কারমা জয়া হাজি হো হদ ইউসুফ এর সঙ্গে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন ও সম্প্রসারণ বিষয়ে বৈঠকে মন্ত্রী ইমরান আহমদ এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, “বাংলাদেশের কর্মীরা দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ। বিভিন্ন দেশের শ্রমবাজারে বিভিন্ন সেক্টরে বাংলাদেশি কর্মীরা সুনামের সঙ্গে কাজ করছে। এছাড়া, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি করতে সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে।”

বৈঠকে ব্রুনাইয়ের পররাষ্ট্র মন্ত্রী বলেন, “বাংলাদেশ ও ব্রুনাই মুসলিম প্রধান দেশ হিসেবে দু’দেশের সংস্কৃতির মধ্যে সাদৃশ্য বিদ্যমান। তাই ব্রুনাইয়ের নিয়োগকারী ও বাংলাদেশি কর্মীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক পরিলক্ষিত হয়। ব্রুনাই সরকার অভিবাসী কর্মীদের স্বার্থ রক্ষায় এবং অবৈধ অভিবাসন প্রতিরোধে সদা তৎপর।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ-ব্রুনাই মানব পাচার প্রতিরোধে একসঙ্গে কাজ করতে পারে।

ব্রুনাইয়ের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, ঢাকায় সুলতানের আসন্ন রাষ্ট্রীয় সফরের সময় ব্রুনাইয়ে কর্মী প্রেরণ বিষয়ে দু’দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এই সমঝোতা স্মারক বাংলাদেশের কর্মী নিয়োগ প্রক্রিয়াকে আরও সম্প্রসারিত ও নিরাপদ করবে।