জাতিসংঘের সাধারণ পরিষদ ইউক্রেনে রাশিয়ার ‘গণভোট’ এবং ‘অধিগ্রহণ’ প্রত্যাখ্যান করেছে

নিন্দা প্রস্তাবে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের সাধারণ পরিষদের বিশেষ জরুরি অধিবেশন ভোটের ফলাফল প্রদর্শন করা হচ্ছে। ১২ অক্টোবর, ২০২২।

বুধবার আন্তর্জাতিক সম্প্রদায় মস্কোকে একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছে।রাশিয়ার তথাকথিত গণভোট এবং ইউক্রেনের অংশগুলোকে অধিগ্রহণের প্রচেষ্টাকে

আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ এবং অকার্যকর ঘোষণা করা হয়েছে।

২৪ ফেব্রুয়ারি মস্কোর আক্রমণের পর থেকে ইউক্রেনের প্রতি জাতিসংঘ তার সবচেয়ে শক্তিশালী সমর্থন প্রদর্শন করলো। জাতিসংঘের সাধারণ পরিষদ ১৪৩-৫ ভোটে ইউক্রেনের ভূখণ্ড সংযুক্ত করার রাশিয়ার পদক্ষেপের নিন্দা জানিয়ে এবং প্রত্যাখ্যান করে একটি প্রস্তাব গ্রহণ করেছে। ৩৫টি দেশ ভোটদানে বিরত ছিল, কিন্তু তাদের ভোট ছাড়াই প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠের ভোট নিন্দা প্রস্তাবের পক্ষে পড়েছে।

প্রেসিডেন্ট জো বাইডেন ভোটকে স্বাগত জানিয়ে বলেছেন, “এইমাত্র বিশ্ব প্রমাণ করলো তারা আরও বেশি ঐক্যবদ্ধ এবং রাশিয়াকে তাদের লঙ্ঘনের জন্য দায়ী করার ক্ষেত্রে আগের চেয়ে আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ।”

ইউক্রেনে প্রায় ৮ মাস যুদ্ধের ফলে বিশ্বব্যাপী খাদ্য, শক্তি এবং মুদ্রাস্ফীতি সংকট আরও বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় ইউক্রেনের জন্য আন্তর্জাতিক সমর্থন হ্রাস পেতে পারে এমন উদ্বেগ সত্ত্বেও সাধারণ পরিষদের ভোটে দেখা গেছে যে, আন্তর্জাতিক সম্প্রদায় এখনো রাশিয়ার যুদ্ধের বিরুদ্ধে তার অবস্থানে অনেকাংশে ঐক্যবদ্ধ।

গত সপ্তাহে রাশিয়ার সাথে সৌদি আরব তেল-উৎপাদনকারী ব্লক ওপেক প্লাসের নেতৃত্বে নভেম্বর থেকে শুরু করে দিনে ২০ লাখ ব্যারেল তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। উত্তর গোলার্ধের দেশগুলো জুড়ে শীতকাল নামার সাথে সাথে এই পদক্ষেপ কার্যকর করা হবে। এই পদক্ষেপ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওয়ার মেশিনে অর্থায়নে সহায়তা করে জ্বালানির দাম বৃদ্ধিতে প্রভাব ফেলবে।

কিন্তু সৌদি আরব মস্কোর নিন্দা জানিয়ে রেজ্যুলেশনের পক্ষে ভোট দিয়েছে। ওপেকের সহযোগী সদস্য সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মঙ্গলবার মস্কোতে ছিলেন এবং পুতিনের সাথে সাক্ষাৎ করেছিলেন।