জাতীয় জাদুঘরে কবীর সুমনের কনসার্টের অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ

কবীর সুমন

পশ্চিমবঙ্গের গায়ক, গীতিকার এবং সুরকার কবীর সুমনের শনিবার (১৫ অক্টোবর) থেকে বাংলাদেশের জাতীয় জাদুঘরে তিনটি কনসার্টে পারফর্ম করার কথা ছিল। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বলেছে যে জাতীয় জাদুঘর অতি গুরুত্বপূর্ণ স্থাপনা, তাই কবির সুমন কনসার্টের জন্য অনুমতি দেওয়া হয়নি।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, “জাদুঘরের মতো অতি গুরুত্বপূর্ণ স্থাপনায় আমরা কনসার্টের অনুমতি দিতে পারি না।”

ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি পিপহোল তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে। এনিয়ে বুধবার(১২ অক্টোবর) বিশ্বসাহিত্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়েছিল। কনসার্টের অনুমতির বিষয়ে জানতে, পিপহোল-এর শীর্ষ নির্বাহী ওমর ও বিল্লাহর সঙ্গে যোগাযোগ চেষ্টা করা হলে, তাদেরকে পাওয়া যায়নি।

কবির সুমনের জনপ্রিয় অ্যালবাম ‘তোমাকে চাই’ এর ৩০ বছর পূর্তি উপলক্ষে এই কনসার্টের আয়োজন করা হয়েছিল।