অসময়ে পানি বাড়ছে যমুনা নদীতে, সিরাজগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

অসময়ে পানি বেড়েছে বাংলাদেশের অন্যতম প্রধান নদী যমুনায়। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও ভারী বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) বিকাল পর্যন্ত আগের ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে ৫২ সেন্টিমিটার । এই পানি বৃদ্ধিতে, যমুনা অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিভিন্ন মাঠের ফসল ডুবে গেছে। স্থানীয় বাসিন্দার বন্যার আশঙ্কা করছেন।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী (হেডকোর্টার) রনিজৎ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, “কয়েকদিন ধরে উজানের ঢল ও দফায় দফায় ভারী বর্ষণে যমুনার পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এতে যমুনা তীরবর্তী শাহজাদপুর,বেলকুচি, চৌহালী,কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার নিম্নাঞ্চলের অনেক এলাকা প্লাবিত হয়েছে এবং নতুন এলাকা প্লাবিত হচ্ছে।পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চল-এর ফসল ডুবে গেছে।”

তিনি আরও বলেন, “পানি বৃদ্ধিতে চরাঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশা বাড়ছে। তবে, যমুনা নদীর পানি এখনও বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ার সঙ্গে, অনেক স্থানে নদী-ভাঙনও দেখা দিয়েছে। ভাঙনে ইতোমধ্যেই শাহজাদপুর ও চৌহালী উপজেলার অনেক স্থানে কিছু ঘরবাড়ি ও জমি যমুনাগর্ভে বিলীন হয়ে গেছে।”

রনিজৎ কুমার সরকার আরও বলেন, “জুনের প্রথম থেকে যমুনায় দফায় দফায় পানি বাড়তে শুরু করে। এ নিয়ে যমুনা নদীতে ৬ষ্ঠ দফা পানি বাড়লো এবংতিন দফা বন্যা কবলিত হয়েছে নিম্নাঞ্চল। ক্ষয়ক্ষতি হয়েছে ফসল ও রাস্তা-ঘাট।”

যমুনায় আরও ৭/৮ দিন পানি বৃদ্ধির সম্ভাবনা থাকলেও বড় বন্যার কোন আশংকা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।