ব্রুনাইয়ের সুলতান বলকিয়াহ বাংলাদেশ সফরে আসছেন শনিবার

ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ

ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ বাংলাদেশে প্রথম রাষ্ট্রীয় সফরে শনিবার (১৫ অক্টোবর)বিকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, রাষ্ট্রপতি আবদুল হামিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সুলতানকে ২১ বার তোপধ্বনি ও গার্ড অফ অনারের মাধ্যমে স্বাগত জানাবেন।

সফরটি মূলত ১৪ থেকে ১৬ অক্টোবরের জন্য নির্ধারিত ছিল। পরে এটি ১৫ থেকে ১৭ অক্টোবরের জন্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

ব্রুনাই সুলতান বিমানবন্দর থেকে সরাসরি সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধে যাওয়ার কথা রয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী সেখানে সুলতান কে স্বাগত জানাবেন।

এরপর সুলতান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে দর্শনার্থী বইতে স্বাক্ষর করবেন এবং সেখানে একটি চারা-গাছ রোপণ করবেন।

সুলতান হাসানাল বলকিয়াহ রবিবার (১৬ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। খসড়া কর্মসূচি অনুযায়ী সেখানে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানাবেন।

ব্রুনাই সুলতান সফরকালে অন্যান্য ব্যস্ততার পাশাপাশি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। সুলতানের সফরকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তার সঙ্গে দেখা করবেন।

এর আগে, পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাংবাদিকদের জানিয়েছিলেন, বাংলাদেশ ও ব্রুনাই দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর চুক্তিসহ তিনটি দ্বিপক্ষীয় সহযোগিতার নথিতে সাক্ষর করতে পারে। বাংলাদেশী কর্মী নিয়োগ এবং দুই দেশের নাবিকদের সার্টিফিকেটের স্বীকৃতির বিষয়ে আরও দু’টি সহযোগিতার নথি সই হবে সুলতাদের এই সফরে।