সমস্ত রুশ, ইউক্রেনীয় যুদ্ধবন্দীকে নাগালের মধ্যে আনার আইসিআরসি’র আহ্বান

ইউক্রেনে রাশিয়া-অধিভুক্ত ডোনেটস্ক অঞ্চলের মারিউপোলে রেড ক্রসের গাড়ি দেখা যাচ্ছে। ১৮মে, ২০২২। ফাইল ছবি

আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) রাশিয়া এবং ইউক্রেন উভয়ের প্রতি আহ্বান জানিয়েছে যে তারা যেনো উভয় পক্ষের সমস্ত যুদ্ধবন্দীদের নির্বিঘ্নে সব কিছুর নাগালের মধ্যে নিয়ে আসে।

আইসিআরসি ফেব্রুয়ারির শেষের দিকে যখন রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছিল তখন থেকেই সমস্ত যুদ্ধবন্দীর সঙ্গে যোগাযোগ করার জন্য কাজ করছে। সুইস ভিত্তিক সাহায্য সংস্থা বলেছে যে তাদের দলগুলি তাদের অবস্থা এবং চিকিত্সা ব্যবস্থা পরীক্ষা করার চেষ্টা করছে এবং তাদের পরিবারকে তাদের প্রিয়জনদের সম্পর্কে অবহিত রাখার চেষ্টা করছে।

তবে এই প্রচেষ্টা অনেকাংশেই হতাশাজনক। আইসিআরসি মিডিয়ার প্রধান ইওয়ান ওয়াটসন বলেছেন যে রেড ক্রস দলগুলি উভয় পক্ষের কেবলমাত্র কয়েকশ যুদ্ধবন্দীকে পরিদর্শন করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, "কিন্তু আরও হাজার হাজার বন্দি আছে যাদের আমরা দেখতে পাইনি, এবং আমরা তাদের ভাগ্য নিয়ে উদ্বিগ্ন। তৃতীয় জেনেভা কনভেনশন আন্তর্জাতিক সশস্ত্র সংঘাতের পক্ষগুলিকে বাধ্য করে রেড ক্রসের আন্তর্জাতিক কমিটিকে অবিলম্বে সমস্ত যুদ্ধবন্দির কাছে প্রবেশাধিকার দিতে এবং তারা যেখানেই থাকুক না কেন তাদের দেখার অধিকার দিতে।"

ওয়াটসন উল্লেখ করেছেন, সব দেশ জেনেভা কনভেনশনকে সম্মান করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, তারা আইনত আইসিআরসিকে যুদ্ধবন্দিদের সাথে দেখা করার অধিকার দিতে বাধ্য।

তিনি বলেন, আইসিআরসি কর্মীদের নিয়মিত পরিদর্শন করা এই সংঘাতের উভয় পক্ষের জন্য সুবিধাজনক। তবে, তিনি আরো বলেছেন কয়েক সপ্তাহ এবং কয়েক মাসের চেষ্টায় সামান্য অগ্রগতি হয়েছে।

তিনি বলেন সংঘাতপূর্ণ অঞ্চলে কাজ করা সবসময়ই ঝুঁকিপূর্ণ, তবে এটি এমন ঝুঁকি যা আইসিআরসি স্বেচ্ছায় প্রতিদিন নিয়ে থাকে । একই সময়ে, তিনি বলেন যুদ্ধরত পক্ষগুলির সাথে ব্যবহারিক ব্যবস্থা এবং নিরাপত্তার নিশ্চয়তা অবশ্যই আগে থেকে ঠিক করা উচিত্ যাতে আইসিআরস ‘র দলগুলি তূলনামুলক ভাবে নিরাপত্তার মধ্যে চলাফেরা করতে সক্ষম হয়।

তারপরও, ওয়াটসন বলেছেন যে অনেক হতাশা এবং বেশিরভাগ যুদ্ধবন্দির সঙ্গে যোগাযোগের অব্যাহত অভাব সত্ত্বেও আইসিআরসি অনেক পরিবারের উদ্বেগ দূর করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, "আমরা ৩০০০ এরও বেশি পরিবারকে তাদের প্রিয়জনের সম্পর্কে খবর দিতে সক্ষম হয়েছি । এখন, প্রতিটি ব্যক্তি যারা এই খবরটি পেয়েছেন তারা নতুন করে জীবন খুঁজে পাচ্ছেন, যা কিনা আটকে থাকা তাদের পরিবারের সদস্যের সাথে একটি মানসিক সংযোগ। সুতরাং, এটি গুরুত্বপূর্ণ কাজ। তবে তা যথেষ্ট নয়।”

ওয়াটসন বলেন, আইসিআরসি তার বার্তা পুনরাবৃত্তি করতে থাকবে যতক্ষণ না যুদ্ধরত পক্ষগুলি এটি বুঝতে পারছে। তিনি বলেন, আটকের জায়গাগুলিতে আইসিআরসি-এর অবাধ প্রবেশের প্রয়োজন এবং এটি নিয়মিতভাবে প্রতিটি রুশ ও ইউক্রেনীয় যুদ্ধবন্দীর কাছে উপলব্ধ না হওয়া পর্যন্ত আইসিআরসি তা চাইতে থাকবে।