ইইউ’র সংস্কার ও সামরিক ক্ষেত্রে স্বায়ত্ত্বশাসনের আহ্বান জানালেন জার্মানির চ্যান্সেলর

জার্মানির রাজধানী বার্লিনে পার্টি অফ ইউরোপিয়ান সোশ্যালিস্টস (পিইএস) এর কংগ্রেসে বক্তব্য রাখছেন চ্যান্সেলর ওলাফ শোলজ, ১৫ অক্টোবর ২০২২।

জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ শনিবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সংস্কারের আহ্বান জানিয়েছেন। এই জোটে নতুন দেশগুলোকে অন্তর্ভুক্ত করার উপযোগী করে তোলার লক্ষ্যে তিনি এই আহবান জানান। একইসাথে ২৭ দেশের জোটটিতে সামরিক ক্ষেত্রে আরও স্বায়ত্ত্বশাসনের আহ্বান জানান জার্মানির চ্যান্সেলর।

বার্লিনে, পার্টি অফ ইউরোপিয়ান সোশ্যালিস্টস (পিইএস) এর কংগ্রেসে বক্তব্য দেওয়ার সময়, শোলজ, পররাষ্ট্রনীতি বিষয়ক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ‘সর্বসম্মতির নীতি’ ধীরে ধীরে অবসানের পক্ষে মত দেন। এছাড়া, কর নীতির মত ক্ষেত্রগুলো সম্পর্কেও একই মত প্রদান করেন শোলজ।

চ্যান্সেলর শোলজ বলেন, “আমি জানি সেসব ক্ষেত্রে আমাদের এখনও অনেককে সম্মত করানো বাকি রয়েছে। কিন্তু আমি পরিষ্কারভাবে এও বলছি, একটি ভূ-রাজনৈতিক ইউরোপ যদি আমাদের আকাঙ্ক্ষা হয়, তবে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি হবে একটি অর্জন, সার্বভৌমত্ব বিসর্জন নয়।”

বর্তমানে, ইইউ-এর অনেক সিদ্ধান্তই শুধুমাত্র সকল দেশের সর্বসম্মতির ভিত্তিতে নেওয়া যায়।

শোলজ ইইউ এর জন্য সামরিক ক্ষেত্রে আরও স্বায়ত্ত্বশাসনকে সমর্থন করেন। তিনি সমন্বিতভাবে অস্ত্র ও সরঞ্জাম কেনা, ২০২৫ সাল নাগাদ একটি ইইউ র‌্যাপিড রিঅ্যাকশন ফোর্স প্রতিষ্ঠা এবং ইউরোপীয় সশস্ত্র বাহিনীগুলোর জন্য একটি ইইউ সদর দফতর প্রতিষ্ঠার আহ্বান জানান।

তিনি বলেন, “ইউরোপে, আমাদের প্রতিরক্ষা প্রচেষ্টাগুলোতে আমাদের আরও মিথষ্ক্রিয়া প্রয়োজন। ভবিষ্যতে ইউরোপের সমন্বিতভাবে সক্ষমতা বৃদ্ধির প্রয়োজন হবে … আমাদের অবশ্যই আত্মবিশ্বাস নিয়ে ও সম্মিলিতভাবে ইউরোপীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে।”