রোহিঙ্গা ইস্যু: বাংলাদেশের ত্রাণ প্রতিমন্ত্রীর সঙ্গে ডব্লিউএফপি’র কান্ট্রি ডিটেক্টরের সাক্ষাৎ

বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের সঙ্গে সচিবালয়ে, প্রতিমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করেন ডব্লিউএফপি-এর কান্ট্রি ডিরেক্টর ডোমেনিকো স্কেল পিলি। ১৬ অক্টোবর, ২০২২।

বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডব্লিউএফপি-এর কান্ট্রি ডিরেক্টর ডোমেনিকো স্কেল পিলি। রবিবার (১৬ অক্টোবর)সচিবালয়ে,প্রতিমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে, বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের বিষয়ে আলোচনা হয়। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তা দানে বাংলাদেশ সরকারের, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবীয় পদক্ষেপের প্রশংসা করেন ডব্লিউএফপি-এর কান্ট্রি ডিরেক্টর ডোমেনিকো স্কেল পিলি। কক্সবাজারের ক্যাম্পগুলোতে বসবাসরত রোহিঙ্গাদের আহার, সুপেয় পানি, চিকিৎসা, শিক্ষা, পয়ঃনিষ্কাশনসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিক রোহিঙ্গাদের তাদের নিজ দেশে প্রত্যাবর্তনের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রতিবছর হাজার হাজার নতুন শিশু জন্ম নিচ্ছে। এতে প্রতিবছরই রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।”

রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবর্তনে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে বিশ্ব জনমত গঠনে এগিয়ে আসতে, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী এনামুর রহমান।