ইরানের নারী ক্রীড়াবিদ হিজাব ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের পর দেশে ফিরেছেন

এলনাজ রেকাবিকে দক্ষিণ কোরিয়ায় একটি প্রতিযোগিতায় হিজাব ছাড়া অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে।

ইরানের এলনাজ রেকাবি দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়ান রক ক্লাইম্বিং প্রতিযোগিতায় ইরানের ক্রীড়াবিদদের জন্য অপরিহার্য হিজাব না পরেই অংশগ্রহণ করেন। গ্রেপ্তার ও দেশ ছেড়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের আশংকার থাকা সত্ত্বেও প্রতিযোগিতা শেষে বুধবার সকালে তিনি সমর্থক ও ভক্তদের উচ্ছ্বাসের মাঝে তেহরানে ফিরেছেন।

রেকাবি ইরানে পৌঁছানোর প্রায় সঙ্গে সঙ্গেই দু’টি সরকারি সংবাদ সংস্থার ক্যামেরার সামনে আবির্ভূত হন এবং জানান, হিজাব ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার ব্যাপারটি “পুরোপুরি দুর্ঘটনা” ছিল।

তিনি বলেন, “জুতা ও অন্যান্য সরঞ্জাম পরতে গিয়ে আমি হিজাব পরতে ভুলে গেছি এবং এরপর আমি প্রতিযোগিতায় অংশ নিতে যাই।”

প্রতিযোগিতায় হিজাব না পরে অংশ নেওয়া কী প্রতিক্রিয়া আসতে পারে, সে বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে রেকাবি বলেন, “আমার মনে অনেক দুঃচিন্তা ও উদ্বেগ থাকলেও আমি মনের শান্তি বজায় রেখে ইরানে ফিরেছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, এখন পর্যন্ত কিছু ঘটেনি।”

রবিবারের প্রতিযোগিতার পর থেকে রেকাবির বন্ধুরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, এরকম একটি সংবাদ ছড়িয়ে গেলে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়।

রেকাবি এমন সময় হিজাব ছাড়া প্রতিযোগিতায় অংশ নিলেন যখন ২২ বছর বয়সী নারী মাহসা আমিনির মৃত্যুতে সারা দেশে বিক্ষোভ চলছে। উল্লেখ্য, গত মাসে পোশাক পরার নীতিমালা লঙ্ঘনের দায়ে মাহসা গ্রেপ্তার হন এবং নৈতিকতা পুলিশের হেফাজতে তার মৃত্যু হয়।

রবিবারের প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করেন রেকাবি। ২০২১ সালে তিনি বিশ্ব রক ক্লাইম্বিং প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জেতেন।

মঙ্গলবার স্পোর্ট ক্লাইম্বিংয়ের আন্তর্জাতিক ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, তারা রেকাবির সঙ্গে যোগাযোগ করছে এবং “ঘটনাপ্রবাহ সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা চালাচ্ছে।” ফেডারেশন আরও জানায়, তারা ইরানে ফেরার পর রেকাবির পরিস্থিতির ওপর নজর রাখবে।

ফেডারেশন জানায়, “ক্রীড়াবিদদের’ নিরাপত্তা আমাদের জন্য অনেক বড় একটি বিষয় এবং আমরা আমাদের সম্প্রদায়ের একজন সম্মানিত সদস্যকে এ ধরনের পরিস্থিতিতে নিরাপদ রাখার জন্য যেকোনো উদ্যোগে সমর্থন জানাই।”