সোমালিয়ার প্রধান সেতুতে আল-শাবাবের হামলা; অন্তত ২১ জন নিহত

আফ্রিকান ইউনিয়নের একজন সৈন্যকে সোমালিয়ার বুলোবার্ড এবং জালালাকসিতে মোতায়েন করতে দেখা গেছে। ফাইল ছবি।

সোমালিয়ার কেন্দ্রীয় হিরশাবেলে রাজ্যে দুটি পৃথক বোমা হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

জালালাকসি শহরে একটি নিরাপত্তা চৌকি পরিচালনাকারী সৈন্যরা একটি গাড়িকে বাধা দিলে শক্তিশালী গাড়ি বোমাটির বিস্ফোরণ ঘটে। তল্লাশি চৌকিটি স্থানীয় সরকার ভবন এবং জিবুতির আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষীদের একটি সামরিক ঘাঁটির কাছে অবস্থিত।

জালালাকসির ডেপুটি ডিস্ট্রিক্ট কমিশনার মিরে হুসেন সিয়াদ বলেন, বুধবারের বিস্ফোরণে শহরের ২ জন বেসামরিক নেতা মেয়র আদান মোহাম্মদ ইস এবং জেলা কমিশনার মোহাম্মদ নুর আগাজফ দাবাশেসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। দাবাশেকে সম্প্রতি জালালাকসির কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছিল, তবে তাঁকে এখনো দায়িত্ব হস্তান্তর করা হয়নি বলে জানিয়েছেন সিয়াদ।

এদিকে ১টি পৃথক বিস্ফোরণে বিস্ফোরক যুক্ত ৩ চাকার ১টি মোটরসাইকেল বুলোবার্ডে শহরের সেতুতে আঘাত হানলে ৪ জন বেসামরিক নাগরিকসহ আরও ৬ জন নিহত হয়েছেন। গুরুত্বপূর্ণ সেতুটি সোমালিয়ার দক্ষিণ ও মধ্য অঞ্চলকে সংযুক্ত করেছে। প্রত্যক্ষদর্শীদের তোলা ছবিতে দেখা যাচ্ছে বিস্ফোরণে সেতুর আংশিক ক্ষতি হয়েছে।

হিরান অঞ্চলে (হিরশাবেলে রাজ্য) বুলোবার্ডে এবং জালালাকসি আল-শাবাবের বিরুদ্ধে স্থানীয় জনগণকে একত্রিত করার প্রচেষ্টার কেন্দ্রবিন্দু।

মঙ্গলবার সোমালি সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আবদুল্লাহি আলী আনোদ জানিয়েছেন, সরকারি বাহিনী এবং স্থানীয় যোদ্ধারা আল-শাবাবের বিরুদ্ধে হিরশাবেলে এবং দক্ষিণ-পশ্চিমে গালমুদুগ ও জুবাল্যান্ড রাজ্যে নতুন অভিযানের প্রস্তুতি সম্পন্ন করছে। তিনি বলেন, এক সপ্তাহ বা কয়েক সপ্তাহের মধ্যে অভিযান শুরু হতে পারে।

আল-শাবাব তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ গোষ্ঠীগুলোকে সহিংসতার হুমকি দিয়েছে।