বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হতে পারে: আবহাওয়া অধিদপ্তর

আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে শুক্রবার (২১ অক্টোবর) একথা জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে বলা হয়েছে, বাংলাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এতে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার অবনতি হতে পারে।

এদিকে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে আরও সাবধানতার সঙ্গে আবহওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। সেইসঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে, ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছিল, উত্তর আন্দামান সাগরে সৃষ্ট নিম্নচাপটি দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকাগুলোতে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই ঘুর্ণিঝড় ২৫ অক্টোবর বাংলাদেশের উপকূল ও পশ্চিমবঙ্গে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।