বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ: আরও ৪০৯ জন হাসপাতালে ভর্তি

ফাইল ছবি-ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী

বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শুক্রবার(২১ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪০৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কেউ মারা যায়নি।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু সংক্রান্ত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ঢাকার ৩০৪ জন এবং ঢাকার বাইরের ১০৫ জন রয়েছেন। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিন হাজার ২০৭ জন। এরমধ্যে, ঢাকায় দুই হাজার ১৮২ জন; আর ঢাকার বাইরে এক হাজার ২৫ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে মোট ২৯ হাজার ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েংছেন। এর মধ্যে, ঢাকায় ২০ হাজার ৯০৪ জন, ঢাকার বাইরে আক্রান্ত হন আট হাজার ২০৩ জন।

এছাড়া, একই সময়ে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ৭৯০ জন রোগী। এরমধ্যে ঢাকায় ১৮ হাজার ৬৫৭ জন, আর ঢাকার বাইরের সাত হাজার ১৩৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন।

এ নিয়ে গত ১ জানুয়ারি থেকে ২১ অক্টোবর পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১১০ জনের।