খুলনায় দু’দিন ধরে বাস ও লঞ্চ চলাচল বন্ধ, মানুষের ভোগান্তি

বাস লঞ্চ চলাচল বন্ধ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে, খুলনায় সব ধরনের গণপরিবহন বন্ধ রেখেছে পরিবহন মালিক ও শ্রমিকরা। এছাড়া বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। দ্বিতীয় দিনের মতো সকল পরিবহন ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শনিবার (২২ অক্টোবর) খুলনার সোনাডাঙা বাস টার্মিনাল ও রয়্যাল মোড় এলাকায় সকাল দশটায় দেখা গেছে, খুলনা থেকে বিভিন্ন জেলায় যাওয়ার জন্য অপেক্ষা করছেন শত শত যাত্রী।

অপেক্ষমান মনিরা সুলতানা জানান, তিনি ঢাকায় চাকরি করেন। ঢাকাগামী একটি পরিবহনে তার টিকিট কাটা ছিল। এখন তারা বলছে বাস চলবে না। আর এক যাত্রী মাহমুদ কামাল বলেন, “রেলেরও টিকিট নেই। এখন কি করবো ভেবে পাচ্ছি না। এভাবেই আমার মতো হাজারও মানুষ ভোগান্তিতে পড়েছেন।”

এদিকে, শুক্রবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী (ইউনিয়ন) পদে নিয়োগ পরীক্ষা। বাস ও মিনিবাস বন্ধ থাকায়, সে পরীক্ষায় অনুপস্থিত ছিল দুই-তৃতীয়াংশ চাকরি প্রার্থী। সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঐ পদের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১৬তম গ্রেডভুক্ত তৃতীয় শ্রেণির সমাজকর্মী পদে জনবল নিয়োগের জন্য ২০১৮ সালের ৯ জুলাই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সমাজসেবা অধিদপ্তর। তাতে খুলনা থেকে আবেদন করেন ১৩ হাজার ৩৭৬ প্রার্থী। শুক্রবার পরীক্ষায় উপস্থিত ছিলেন চার হাজার ৭৭৩ জন। বাস ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় এই নিয়োগ পরীক্ষায় অংশ না নিতে পেরে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

রিয়াদ নামের এক পরীক্ষার্থী বলেন, “আমি চার বছর আগে আবেদন করেছিলাম। আমার বাড়ি ডুমুরিয়ার আঠারো মাইল এলাকায়। বাস বন্ধ থাকায় আমি সঠিক সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারিনি। আমার বয়সও শেষ, নতুন করে কোনো চাকরির পরীক্ষায় আবেদনও করতে পারব না। শেষ সুযোগটাও হারালাম।”

খুলনার পাইকগাছার পরীক্ষার্থী শাহানা পারভীন বলেন, “আমি পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিয়েছিলাম। খুলনাতে বাস বন্ধ থাকায় আর পরীক্ষা দিতে যাওয়া হয়নি।”