আবার কর্মবিরতিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা

আবার কর্মবিরতিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা

বাংলাদেশের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা আবারও ৭২ ঘণ্টার (তিন দিনের) কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। শনিবার (২২ অক্টোবর) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত হাসপাতালের সামনে আয়োজিত মানববন্ধনে এ ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইমরান হোসেন। কর্মবিরতি চলাকালে, প্রতিদিন হাসপাতালের সামনে বিক্ষোভ কর্মসূচী পালনের ঘোষণা দেন তিনি।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি ও রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশা, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বিএমএর সাধারণ সম্পাদক নওশের আলী, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম ইয়াজদানী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও মেডিসিন বিভাগের প্রধান ডা. খলিলুর রহমান।

এর আগে, গত বুধবার রাত ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কে জি এম শাহরিয়ার হলের তৃতীয় তলা থেকে পড়ে যান। এরপর দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এরপর চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে রাত ১২টার দিকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়ে ইন্টার্ন চিকিৎসকরা সবাই একযোগে হাসপাতাল ত্যাগ করেন।

পরে বৃহস্পতিবার বিকালে হাসপাতাল প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে, শুক্রবার সকাল থেকে কাজে ফেরার ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইমরান হোসেন। এ সময় হাসপাতালে হামলা ও ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন তিনি।

শুক্রবার সকাল থেকে কাজে যোগ দেন ইন্টার্নরা। তবে মামলা রেকর্ড না হওয়া এবং কাউকে গ্রেপ্তার না করায়, নতুন করে তিন দিনের কর্মসূচী ঘোষণা করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ মামলা রেকর্ড করে, তিনদিনের মধ্যে হামলায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে ঘোষণা দেন ডা. ইমরান।