পূর্বসূরি লিজ ট্রাস পদত্যাগ করার পর মঙ্গলবার ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনাক।
ট্রাস বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ প্রস্তাব দিতে যাওয়ার আগে ১০ নং ডাউনিং স্ট্রিটের বাইরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। রাজা তৃতীয় চার্লস আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী নিয়োগ করে থাকেন।ট্রাস প্রাসাদ ত্যাগ করার সাথে সাথে সুনাক উপস্থিত হন এবং তাঁর সাথে সরাসরি সাক্ষাতের পর রাজা আনুষ্ঠানিকভাবে তাঁকে সরকার গঠনের আমন্ত্রণ জানান।
৪২ বছর বয়সী প্রাক্তন হেজ ফান্ড বস, যিনি মাত্র ৭ বছর ধরে নির্বাচনের রাজনীতিতে রয়েছেন, তাকে ওয়েস্টমিনস্টারে অন্তর্দ্বন্দ্ব এবং কোন্দলের অবসান ঘটানোর দায়িত্ব দেয়া হয়েছে। এই অন্তর্দ্বন্দ্ব এবং কোন্দলের কারণে বিনিয়োগকারী এবং আন্তর্জাতিক মিত্ররা আতংকিত রয়েছেন।
২০০ বছরের বেশি সময়ের মধ্যে সুনাক ব্রিটেনের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী এবং প্রথম অশ্বেতাঙ্গ নেতা।
১০ নং ডাউনিং স্ট্রিটে তার নতুন সরকারি বাসভবনের বাইরে বক্তৃতা করার সময় সুনাক ট্রাসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বলেন যে, অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুজ্জীবিত করার জন্য ট্রাসের পরিকল্পনা ভুল ছিল না তবে তার কিছু ভুল হয়েছিল। তিনি বলেন “এবং আমি আমার দলের নেতা এবং আপনাদের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছি সেগুলো ঠিক করার জন্য।”
সুনাক এখন তার মন্ত্রিসভা গঠন করা শুরু করবেন। কিছু রক্ষণশীল আইনপ্রনেতারা আশা করছেন, তিনি তার কনজারভেটিভ পার্টির সমস্ত শাখার রাজনীতিবিদদের অন্তর্ভুক্ত করবেন।