বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চতুর্থ বিভাগীয় সমাবেশ করবে শনিবার (২৯ অক্টোবর) রংপুরে। আর, শুক্রবার (২৮ অক্টোবর) সকাল থেকে রংপুরে শুরু হয়েছে ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘট। শনিবার রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।
সমাবেশের একদিন আগে, শুক্রবার সকাল থেকে রংপুর ও সারাদেশের মধ্যে বাস যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে, আশেপাশের ৮টি জেলার বিএনপি নেতাকর্মীদের মাইক্রো বাস, অটোরিকশা, থ্রি-হুইলার, মোটরসাইকেল এবং ছোট যানবাহনে করে নগর সংলগ্ন বিভিন্ন এলাকায় আসতে দেখা গেছে।
বিএনপির কয়েকজন নেতাকর্মী জানান, শনিবার তাদের সমাবেশে প্রতিপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্ভাব্য বাধা ও হয়রানি এড়াতে তারা রংপুর শহর ও এর আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন।
এদিকে,শুক্রবার ঢাকা থেকে কয়েকটি বাস রংপুরে আসলেও, সকাল থেকে কোনো বাস রংপুর বাস টার্মিনাল থেকে গন্তব্যে ছেড়ে যেতে দেখা যায়নি। এ ধর্মঘটের কারণে রংপুরগামী আন্তঃজেলা বাস চলাচলও বন্ধ রয়েছে। শুক্রবার সকাল থেকে অন্য জেলা থেকেও বাস রংপুরে প্রবেশ করেনি
মহাসড়কে থ্রি-হুইলার-সহ অবৈধ যানবাহন চলাচল নিষিদ্ধ এবং প্রশাসনিক হয়রানি বন্ধের দাবিতে, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত, পরিবহন ধর্মঘট পালন করছে রংপুর জেলা মোটর মালিক সমিতি।
বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন অভিযোগ করেছেন, তাদের দলের সমাবেশে লোকজন যাতে আসতে না পারে, সেজন্য এই ধর্মঘট আহবান করা হয়েছে।
তিনি বলেন, “পরিবহন ধর্মঘট ও অন্য সব বাধা উপেক্ষা করে রংপুর বিভাগের আটটি জেলার মানুষ শনিবার আমাদের কর্মসূচিতে অংশ নেবে।”
সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির কয়েকজন সদস্যসহ বক্তব্য দেবেন বলে জানান স্থানীয় নেতারা।
রংপুরের সমাবেশটি হবে বিভাগীয় পর্যায়ে বিএনপির চতুর্থ সমাবেশ। এর আগে, চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনায় বিভাগীয় পর্যায়ে সমাবেশ করেছে বিএনপি। আগামী ১০ ডিসেম্বর ঢাকা মহানগরীতে গণসমাবেশের মধ্য দিয়ে বিভাগীয় সমাবেশ শেষ করবে বিএনপি।