বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ: ২৪ ঘন্টায় মারা গেছেন ৬ জন, মোট মৃত্যু ১৩৪

ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী

বাংলাদেশে শনিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৩৪ জনের। একই সময়ে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৮৬৯ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে ৪৮১ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ৩৮৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত তিন হাজার ৫৯৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে, ঢাকায় চিকিৎসা নিচ্ছেন দুই হাজার ২৭৯ জন এবং এক হাজার ৩১৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত, ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৬ হাজার ১৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ২৪ হাজার ৮৫৩ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১১ হাজার ২৭৮ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৩২ হাজার ৪০০ জন ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এদের মধ্যে ২২ হাজার ৪৯৫ জন ঢাকার এবং বাকি ৯ হাজার ৯০৫ জন ঢাকার বাইরের বাসিন্দা।