বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, “দেশে ডেঙ্গুর শনাক্ত-হার আশঙ্কাজনক হারে বাড়ছে। গেল কয়েক সপ্তাহে ডেঙ্গুতে মৃত্যু বেড়েছে। একইসঙ্গে প্রতিদিন শত শত মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। প্রতি জেলাতেই ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে স্থানীয় সরকার বিভাগকে মশা কমাতে উদ্যোগ নিতে হবে।”
রবিবার (৩০ অক্টোবর) রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত টিবি বিষয়ক নবম জেএমএম প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, “এখন প্রতি জেলাতেই ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে, এটি খুবই আশঙ্কাজনক বিষয়। আমরা ডেঙ্গু প্রতিরোধের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করতে প্রস্তুত। আমরা সহায়তা দিচ্ছি। আমরা চিকিৎসা দিতে পারি। কিন্তু আক্রান্তের হার কমাতে মশা কমাতে হবে।”
করোনার চাপ সামলে স্বাস্থ্য বিভাগ ঘুরে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, “করোনার কারণে আমাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। এ সময় আমাদের স্বাস্থ্যখাত চাপে ছিল। হাসপাতালের বেশিরভাগ শয্যা করোনা রোগীদের জন্য দিয়ে দিতে হয়েছিল। তখন সরকারকে নতুন হাসপাতাল করতে হয়েছে।নতুন শয্যা ও সুযোগ-সুবিধা যুক্ত করতে হয়েছে। এ সময় টিবিসহ অন্যান্য সেবা কার্যক্রম ব্যাহত হয়েছে।”
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, “আমরা এখন করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করে খুব দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছি। বাংলাদেশে ৯০ ভাগ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। যেখানে বিশ্বে ৭০ ভাগ মানুষ টিকার আওতায় এসেছে।”