বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে পত্রিকা অফিসে বোমা হামলা

শনিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে ‘দৈনিক চাঁপাই চিত্র’ পত্রিকা অফিসে বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা।

বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রকাশিত ‘দৈনিক চাঁপাই চিত্র’ পত্রিকা অফিসে বোমা হামলা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে দুর্বৃত্তরা পত্রিকা অফিসে একটি বোমা ছুঁড়ে মারে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

চাঁপাই চিত্রের সম্পাদক কামাল উদ্দিন জানান, “পত্রিকার কাজ শেষ করে তিনিসহ পত্রিকায় কর্মরত সবাই শনিবার রাত সাড়ে ১০ টার দিকে অফিস থেকে বেরিয়ে যান। পরে নৈশপ্রহরীর মাধ্যমে হামলার বিষয়টি জানতে পেরে পুলিশকে জানান তিনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে নিয়ে গেছে।” তিনি জানান যে তাদের প্রকাশিত কোন সংবাদে ক্ষুব্ধ হয়ে কেউ এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, “শনিবার রাত দেড়টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কোন দুস্কৃতিকারী ভীতি ছড়াতে এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি জানার পর আমরা ৫ মিনিটের
মধ্যেই ঘটনাস্থলে গিয়েছি, আলামত সংগ্রহ করা হয়েছে। আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছি।”

এদিকে, এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব।