পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেটে পণ্যবাহী পরিবহন ধর্মঘট শুরু

পণ্যবাহী পরিবহন ধর্মঘট

সকল পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে, সোমবার(৩১ অক্টোবর) ভোর থেকে বাংলাদেশের সিলেট জেলায় ৪৮ ঘণ্টার পণ্যবাহী পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। দুই দিনের এই ধর্মঘট ডেকেছে সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

বিষয়টি নিয়ে রবিবার (৩০ অক্টোবর) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হয়।সে বৈঠকে কোনো সমাধান আসেনি।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন। বৈঠকের পর শ্রমিক নেতারা জানিয়েছিলন যে তাদের ধর্মঘটের সিদ্ধান্ত বহাল রয়েছে।

সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ বলেন, “আমাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলছে।”

সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা বলছেন, সিলেটের ভোলাগঞ্জ, বিছনাকান্দি, জাফলং এবং লোভাছড়া পাথর কোয়ারিগুলোর সঙ্গে প্রায় ১৫ লাখ ব্যবসায়ী-শ্রমিক ও পরিবহন মালিক-শ্রমিক-এর জীবিকা জড়িত। প্রায় পাঁচ বছর ধরে কোয়ারি বন্ধ থাকার কারণে সিলেটের পন্য পরিবহন মালিক ও শ্রমিকরা সংকটে পড়েছেন। এই অবস্থায় বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।