রাজনৈতিক কর্মসূচি নিয়ে চিন্তিত নয় পুলিশ: ডিএমপি কমিশনার

মিট দ্য প্রেস অনুষ্ঠানে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, “রাজনৈতিক কর্মসূচি নিয়ে চিন্তিত নয় পুলিশ। তবে, রাজনৈতিক অনুষ্ঠানের নামে ফৌজদারি অপরাধ সংঘটিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার(৩১ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে কমিশনার’স মিট দ্য প্রেস অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এ কথা বলেন। গত ২৯ অক্টোবর কমিশনার দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল তার প্রথম অনুষ্ঠান।


ডিএমপি কমিশনার বলেন, “রাজনৈতিক কর্মসূচি পুলিশের মাথাব্যথা নয়। আমাদের কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা। মিটিং বা মিছিল করা দলগুলোর রাজনৈতিক অধিকার।” তিনি বলেন, “রাজনৈতিক কর্মসূচির নামে কেউ গাড়ি ভাঙচুর করলে, অগ্নিসংযোগ করলে বা সড়ক অবরোধ করলে, তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে।”
ডিএমপি কমিশনার আরও বলেন, “যতদিন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ফৌজদারি অপরাধ সংঘটিত না হবে, ততদিন পুলিশ সহযোগিতা করবে।”

ঢাকা মহানগরীর যানজট প্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন, “পরিকল্পিতভাবে ঢাকার উন্নয়ন হয়নি এবং রাজধানীতে বেশ কিছু মেগা প্রকল্পের কাজ চলছে, যা যানজটের কারণ। আমরা যানজট কমাতে কাজ করছি।” সড়কে অবৈধ পার্কিং রোধে কাজ করা হবে বলেও জানান তিনি।

মাদক নিয়ন্ত্রণ সম্পর্ক ডিএমপি কমিশনার বলেন, “শুধু সরবরাহ কমিয়ে এটা বন্ধ করা যাবে না, চাহিদা কমতে হবে।” সাইবার অপরাধ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।