বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর ওপর হামলার ঘটনায় বিএনপির ছাত্র সংগঠনের ১১ নেতাকর্মী রিমান্ডে

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী

বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ছাত্র সংগঠন ছাত্রদলের গ্রেপ্তার ১১ নেতাকর্মীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) তাঁদের আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের পাঁচ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মনজুরুল হাসান খান।

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী তাঁদের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এ মামলার অভিযুক্তরা হলেন-ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সুমিত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন খান এবং ছাত্রদলের কলাবাগান শাখার সদস্য মো. রবিন খান, মো. সাগর, মো. জসীম উদ্দীন ভূইয়া, মো. হারুন অর রশিদ, মতিউর রহমান, শামীম রহমান, জামাল হোসেন, আরিফুল ইসলাম ও আবু তাহের।

বুধবার (২ নভেম্বর) বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর গাড়িতে হামলার ঘটনায় তাঁর দেহরক্ষী মো. রফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন মডেল থানায় করেন।

মামলায় বিএনপির ৪০-৫০ অজ্ঞাত নেতাকর্মীকে আসামি করা হয়েছে।