চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্মেলন শুরু

ফাইল ফটো-আওয়ামী লীগের পতাকা

চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে, ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে।

শুক্রবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্মেলন উদ্বোধন করেন। এই আন্তর্জাতিক সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে যাত্রা এবং ডেল্টা প্ল্যান বাস্তবায়ন’।

অনুষ্ঠানে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান প্রফেসর ড. হোসেন মনসুরের সভপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

স্বাগত বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর জানান যে সম্মেলনে ২০টি ক্যাটাগরিতে ৬৬২ টি পেপার ও পোস্টার জমা পড়েছে। ইউরোপ, আমেরিকা, ভারত, জাপান, চীন এবং অস্ট্রেলিয়ার গবেষকরা শতাধিক পেপার জমা দিয়েছেন। এখান থেকে অনুন্য ২৫০টি পেপার উপস্থাপন করা হবে।

তিনি আরও বলেন, “কনফারেন্স থেকে যে সুপারিশমালা আসবে, সেগুলো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দফতর ও রিসার্চ সেল এবং সরকাররের বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে জমা দেওয়া হবে।”

প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, “দেশের এখন যে অবস্থা, আমাদের এখন পথের মানুষের কথা ভাবতে হবে। বিপ্লব আমরা করবো, কিন্তু এখন মানুষ বাঁচাতে হবে। সংকট থেকে পরিত্রান করতে হবে, সংকট উত্তরন এখন প্রধান কাজ। মানুষ কষ্টে আছে, এত কোন সন্দেহ নেই। সাধারণ মানুষ, মধ্যবিত্ত কষ্টে আছে। সারা দুনিয়ায় সাধারণ মানুষ কষ্টে আছে, শুধু বাংলাদেশে নয়।”

উদ্বোধনী অনুষ্ঠানের পর, আইইবি অডিটরিয়ামে কনফারেন্সের প্রথম মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। দ্বিতীয় মূল প্রবন্ধ উপস্থাপন করেন থাইল্যান্ডের এআইটি'র বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. জয়শ্রী রায়। এছাড়া, আলাদা ১০টি ভেন্যুতে টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়।