নড়াইলে গৃহবধূকে গলা কেটে ও পুড়িয়ে হত্যা

প্রতীকী ছবি

বাংলাদেশের নড়াইলে বিবাহবহির্ভূত সম্পর্কের জের ধরে ২২ বছর বয়সী এক গৃহবধূকে শুক্রবার (৪ নভেম্বর) গলা কেটে ও পুড়িয়ে হত্যা করেছে তার স্বামী। নিহত আছিয়া বেগম (২২) জেলার সদর উপজেলার সড়াতলা গ্রামের রনি শেখের (২৬) স্ত্রী।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, চার বছর আগে পরিবারের সম্মতিতে আছিয়ার সঙ্গে রনি বিয়ে হয়। তবে বিবাহবহির্ভূত সম্পর্ক বজায় রাখে রনি। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া কথা কাটাকাটি লেগেই থাকত।

শুক্রবার দুপুর ১২টার দিকে ঘরের মধ্যে আছিয়াকে গলা কেটে হত্যা করে আগুন দিয়ে রনি পালিয়ে যায় বলে নিহত আছিয়া বেগমের বাবার বাড়ির লোকজন অভিযোগ করেন। তারা জানান, প্রতিবেশিরা জানালা দিয়ে আগুন দেখে চিৎকার করেন ও আগুন নেভাতে এগিয়ে আসেন। ঘটনার সময় তাদের ছেলে ঘরের বাইরে ছিল।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, “প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে যে দাম্পত্য কলহের কারণে রনি তার স্ত্রীকে পরিকল্পিতভাবে গলা কেটে ও পুড়িয়ে হত্যা করেছে। রনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

নড়াইল সদর হাসপাতালে আছিয়ার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।