বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী সামাজিক প্রতিযোগিতা নৌকাবাইচ। বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন সময়ে অনুষ্ঠিত হয় এই সামাজিক আয়োজন।
শুক্রবার (৪ নভেম্বর) বিকালে মাগুরায় মহম্মদপুরে অনুষ্ঠিত হয় বিহারী লাল শিকদার নৌকাবাইচ প্রতিযোগিতা। নৌকাবাইচ উপভোগ করতে উপজেলার শেখ হাসিনা সেতু সংলগ্ন মধুমতি নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো মানুষ।
মহম্মদপুর উপজেলা পরিষদ ও বিহারী লাল শিকদার নৌকাবাইচ কমিটি আয়োজিত এই নৌকাবাইচ প্রতিযোগিতায় মাগুরা, ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল ও মাদারীপুর জেলার বিভিন্ন এলাকার ১৪টি নৌকা অংশগ্রহণ করে।প্রতিযোগিতায় ফরিদপুর জেলার কালু ফকিরের নৌকা প্রথম, মাগুরা জেলার আতর মোল্লার নৌকা দ্বিতীয় এবং ফরিদপুর জেলার আমজাদ মোল্লার নৌকা তৃতীয় স্থান লাভ করে।
প্রতিযোগিতা শেষে,সংসদ সদস্য ড. বীরেন শিকদার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।