গাজীপুর সিটির বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে করা মানহানির মামলা স্থগিত করেছে হাইকোর্ট

গাজীপুর সিটির বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে করা মানহানির মামলা স্থগিত করেছে হাইকোর্ট

বাংলাদেশের গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ফরিদপুরে দায়ের করা মানহানি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (৮ নভেম্বর) মামলাটি বাতিল চেয়ে করা আবেদনের শুনানি শেষে, বিচারপতি এএসএম আব্দুল মোবিন ও বিচারপতি এসএম মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

এর আগে, এ মামলায় গত ৫ সেপ্টেম্বর জামিন নিয়েছিলেন জাহাঙ্গীর হোসেন। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ফরিদপুরে মানহানির মামলা দায়ের করা হয়। মানবিক বাংলাদেশ সোসাইটি নামে একটি সংগঠনের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাদী হয়ে এই মামলা করেন। এ মামলায় গত ৩১ আগস্ট ফরিদপুরের ৩ নম্বর আমলি আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বরে গোপনে ধারণ করা জাহাঙ্গীর আলমের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা অভিযোগ করেন। এ ছাড়া, মুক্তিযুদ্ধ নিয়েও বিভ্রান্তিমূলক বক্তব্য দেন মেয়র জাহাঙ্গীর।

এরপর গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীরকে ২০২১ সালের ১৯ নভেম্বর, তার দল আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে ফরিদপুর, রাজবাড়ী, গাজীপুর, নওগাঁ, মাদারীপুর, গোপালগঞ্জ, পঞ্চগড়সহ দেশের বিভিন্ন জেলায় একই অভিযোগে মামলা দায়ের করা হয়। পরে ঐ বছর ২৫ নভেম্বর তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।