মালদ্বীপে অগ্নিকাণ্ডের ঘটনায় ২ জন বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর আশঙ্কা

মালদ্বীপে অগ্নিকাণ্ডের ঘটনায় ২ জন বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর আশঙ্কা

দ্বীপরাষ্ট্র মালদ্বীপের রাজধানী মালেতে বিদেশি শ্রমিকদের আবাসন ভবনে আগুন লেগে ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে দুই বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোরে অগ্নিকাণ্ডে এই মৃত্যুর ঘটনা ঘটে।

মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তা ইউএনবিকে জানিয়েছেন, ‘আরও একজন বাংলাদেশি আহত হয়েছেন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে’।

তিনি আরও বলেন, ‘নিহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। কারণ তাদের নথিপত্র আগুনে পুড়ে গেছে’।

তিনি তৈয়ব নামে আহত একজনের পরিচয় নিশ্চিত করেন।

ওই কর্মকর্তা আরও বলেন, ‘আশা করি আহত ব্যক্তির সঙ্গে কথা বলতে পারলে আমরা বিস্তারিত জানতে সক্ষম হব। তিনি এই মুহূর্তে কথা বলার মতো অবস্থায় নেই’।

মালদ্বীপ পুলিশের মুখপাত্র ইউনুস সোবাহর বরাতে এপির প্রতিবেদনে বলা হয়, মধ্যরাতের পর ভবনটিতে আগুন লাগে।

মালদ্বীপের ভারতীয় দূতাবাস টুইটারে জানিয়েছে যে, নিহতদের মধ্যে ভারতীয় নাগরিকও রয়েছেন।

ইউনুস সোবাহ বলেন, ‘আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে’।

মালদ্বীপে বিপুলসংখ্যক বিদেশি কর্মী রয়েছে। যাদের বেশির ভাগই বাংলাদেশ ও ভারতের। বিশেষ করে রাজধানী মালেতে তাদের থাকার কোয়ার্টারে প্রচন্ড ভিড় থাকে।