দিন শেষে ২৫ হাজার ডলারের বেশি রাখতে পারবে না কোনো মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক (বিবি) এক নির্দেশনায় বলেছে যে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী কোনো প্রতিষ্ঠান প্রতি কার্যদিবস শেষে, নগদ সর্বোচ্চ ২৫ হাজার ডলার নিজ অধিকারে রাখতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগ বৃহস্পতিবার (১০ নভেম্বর) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে, তা তাৎক্ষণিকভাবে কার্যকরের জন্য ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

ফরেন এক্সচেঞ্জ লেনদেন নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি ব্যবসায়িক দিনের শেষে, একটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান নগদ ২৫ হাজার ডলার বা তার সমতুল্য বৈদেশিক মুদ্রার বেশি প্রতিষ্ঠানে জমা রাখতে পারবে না।

যদি কোনো প্রতিষ্ঠানের নগদ বৈদেশিক মুদ্রার পরিমাণ এই সীমার বেশি হয়, তবে দিন শেষে ঐ প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট ব্যাংকের বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্টে জমা দিতে হবে। আর অ্যাকাউন্টের ব্যালেন্স কখনো ৫০ হাজার ডলার বা তার সমতুল্য বৈদেশিক মুদ্রার বেশি হবে না।

বাংলাদেশে ডলারের কারসাজির অভিযোগে গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর লাইসেন্সবিহীন সাতটি অবৈধ প্রতিষ্ঠান সিলগালা করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর আগে বৈদেশিক মুদ্রা লেনদেন-এ নানা অনিয়মের অভিযোগে ৪২টি কোম্পানিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

এই নির্দেশিকার লক্ষ্য হচ্ছে বাংলাদেশে একটি স্থিতিশীল বৈদেশিক মুদ্রার বাজার প্রতিষ্ঠা করা।