আসিয়ান আলোচ্যসূচিতে আবার বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভকে যুক্ত করলো চীন

চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং কম্বোডিয়ার নম পেনে আসিয়ান-চায়না (দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা) শীর্ষ বৈঠক চলাকালে বক্তব্য করছেন। ১১ নভেম্বর, ২০২২।

এই সপ্তাহে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশন্স শীর্ষ বৈঠকের এই বছরের রাউন্ডে, বৃহস্পতিবার চীন বেশ কয়েকটি অবকাঠামো প্রকল্পের অনুমোদনের ঘোষণা দিয়েছে। এটি এই ইঙ্গিত দেয় যে কোভিড-১৯ মহামারীর কারণে প্রায় ৩ বছর বন্ধ থাকার পর, চীন তার বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ আবার শুরু হতে যাচ্ছে ।

এর মধ্যে রয়েছে ১৬০ কোটি ডলার ব্যয়ে কম্বোডিয়া-ভিয়েতনাম সীমান্তে নমপেন থেকে বাভেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে, এবং নম পেন, ব্যাংকক এবং ভিয়েনতিয়েন, লাওসের মধ্যে একটি রেল সংযোগে সহায়তা প্রদান। ইতোমধ্যে চীনে, এই প্রকল্পের সহায়ক একটি উচ্চগতির রেল সংযোগ নির্মাণ করা হয়েছে।

বুধবার কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন এবং চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াঙ্গন আনুষ্ঠানিক ভাবে কম্বোডিয়ার রাজধানী থেকে দক্ষিণের বন্দর শহর সিহানুকভিল পর্যন্ত, ১৮৭ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন। এই এক্সপ্রেসওয়ে, পাঁচ ঘন্টার সড়ক যাত্রাকে অর্ধেক সময়ে নামিয়ে আনবে। ২০০ কোটি ডলার ব্যয়ে চীন এই এক্সপ্রেসওয়েটি নির্মাণ করেছে।

চীনের প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাথে আরও ১৮টি প্রটোকল স্বাক্ষর করেছেন। এর মধ্যে রয়েছে, স্বাস্থ্যসেবা, আগামী বছরের দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমস আয়োজনের জন্য নম পেনকে সহায়তা এবং “কম্বোডিয়ার নাগরিকদের” জীবনযাত্রার মানের উন্নতিতে সহায়তা প্রদান।

এই প্রটোকলগুলোর মধ্যে ৫টির অধীনে আরও সড়ক এবং সেতু নির্মাণ করা হবে। এগুলো কম্বোডিয়ার অভ্যন্তরে রেল, সড়ক এবং জলপথ পরিবহনের একটি ব্যবস্থা সৃষ্টি করবে। এটি থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস এবং থাইল্যান্ড উপসাগরের মধ্যে অবস্থিত কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল।

বিশ্লেষকরা বলেছেন, চীনের কঠোর কোভিড-১৯ নীতি এবং মহামারীর আগে চীন বিরোধী মনোভাব দেখা দেওয়ায়, অনেক প্রকল্প আটকে রাখা হয়েছিল। বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চলে চীন বিরোধী মনোভাব বেশি প্রবল। উল্লেখ্য,দক্ষিণের সিহানুকভিল চীনা ক্যাসিনো এবং সংগঠিত অপরাধের কেন্দ্রে পরিণত হয়েছে।