সৌদি আরবের সঙ্গে নিরাপত্তা ইস্যুতে দু’টি চুক্তি সই করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন

সৌদি আরবের সঙ্গে নিরাপত্তা ইস্যুতে দু’টি চুক্তি সই করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন

বাংলাদেশ এবং কিংডম অফ সৌদি আরব (কেএসএ) নিরাপত্তা সহযোগিতা এবং রুট টু মক্কা পরিষেবা সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ চুক্তি সই করবে; যা দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও সুসংহত করবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, “নারী পুলিশসহ পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দিতে বাংলাদেশ ও সৌদি আরব একসঙ্গে কাজ করবে।”

শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানী ঢাকার রাষ্ট্রীয় অতিথিশালা পদ্মায়, সৌদি আরবের উপ-অভ্যন্তরীণ মন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদের সঙ্গে আলোচনা করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। পরে তিনি বলেন, “আমাদের নারী পুলিশরা ভালো করছে। এটা (এ ধরনের সহযোগিতা) ভালো।”

উভয় পক্ষ শ্রমিক সমস্যা এবং সৌদি আরব থেকে কম দামে এলএনজি আমদানি নিয়ে আলোচনা করেছে।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন উল্লেখ করেন, “বাংলাদেশ সরকার বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা, শিক্ষা-সংস্কৃতি, বিদ্যুৎ ও জ্বালানি, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদার করতে সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এছাড়া, ঢাকা-রিয়াদ নিরাপত্তা সহযোগিতা ও রুট টু মক্কা উদ্যোগের বিষয়ে দুটি চুক্তি সই করবে দুই দেশ।”

সৌদি আরবের উপমন্ত্রী বাংলাদেশের স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ভূমিকার প্রশংসা করেন।তিনি অভিন্ন পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতার জন্য সৌদি আরবের আগ্রহের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তাকে জানান, বাংলাদেশ সরকার ও জনগণ শিগগিরই সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রীকে বাংলাদেশে স্বাগত জানাতে অপেক্ষা করছে।