বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ‘রুট-টু-মক্কা’ নথি সই

সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদ ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নের লক্ষ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও সৌদি আরব। এ ছাড়া, বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরব সফর সহজ করতে, দুই দেশের মধ্যে ‘রুট-টু-মক্কা’ বিষয়ে একটি দ্বিপক্ষীয় নথি সই হয়েছে।
রবিবার (১৩ নভেম্বর) ঢাকা সফররত সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন।এ ছাড়া, সৌদি আরবের স্বরাষ্ট্র উপমন্ত্রী, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন-এর সঙ্গে বৈঠক করেন।

পাসপোর্ট নবায়নে যৌথ ওয়ার্কিং গ্রুপ

সৌদি আরবে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে যাদের পাসপোর্ট নবায়ন প্রয়োজন, তাদের সমস্যা সমাধানের জন্য রবিবার বাংলাদেশ ও সৌদি আরব একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সফররত সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সময় বিষয়টি উত্থাপিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী দেশটিতে বসবাসরত মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারী বাংলাদেশিদের বিষয়টি উত্থাপন করেন।সমস্যা সমাধানে, একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রস্তাবে একমত হন এবং একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আরও জানান, আলোচনায় দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এসেছে।

প্রেস সচিব জানান যে, ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদ ২০৩০ সালের জন্য নির্ধারিত এক্সপো ইস্যুতে বহুপক্ষীয় ফোরামে সৌদি আরব-এর প্রতি বাংলাদেশের সমর্থনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করে বলেন, “এগুলো বিশ্বের দেশগুলোর অর্থনৈতিক অগ্রগতিতে বাধা সৃষ্টি করেছে।”

রোহিঙ্গা সমস্যা সমাধানে সৌদি আরবের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদের জন্য শুভেচ্ছা জানান।

রুট-টু-মক্কা সমঝোতা স্মারক সই

বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরব সফর সহজ করতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ‘রুট-টু-মক্কা’ বিষয়ে একটি দ্বিপক্ষীয় নথি সই হয়েছে।

রুট-টু-মক্কা চুক্তির আওতায় হাজিরা সৌদি আরবে যাত্রার আগে ঢাকায় তাদের অভিবাসন সম্পন্ন করতে পারবে। এতে বাংলাদেশি হজযাত্রীদের হজ ও ওমরাহ পালনে সৌদি আরবে যাওয়া সহজ হবে। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ‘চমৎকার সম্পর্ক’- বিবেচনা করে প্রথম দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে রুট-টু-মক্কা সার্ভিস চুক্তি স্বাক্ষর করেছে। এর আগে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

রবিবার (১৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এ সৌদি আরবের স্বরাষ্ট্র উপমন্ত্রী ড. নাসের বিন আবদুল আজিজ আল দাউদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, “নিরাপত্তা সহযোগিতার মধ্যে রয়েছে সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে সফর বিনিময়।”

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আগে বাংলাদেশিদের হজ পালনের জন্য সৌদি আরবে যেতে অভিবাসন প্রক্রিয়ার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হতো। তবে এখন থেকে 'রুট-টু-মক্কা' এমওইউ-এর সুবাদে ঢাকায় বাংলাদেশিদের হজে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে।”

রোহিঙ্গা ইস্যু সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “প্রায় তিন লাখ রোহিঙ্গা সৌদি আরবে অবস্থান করছে। তাদের অনেকের বাংলাদেশি পাসপোর্ট রয়েছে। সৌদি সরকার তাদের পাসপোর্ট নবায়নের দাবি জানিয়েছে।”

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “আমরা তাদের বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছি। পাশাপাশি, আমরা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সৌদি সরকারের সহযোগিতা চেয়েছি।”