রাশিয়া ২০২৩ সালে তাদের স্কুলগুলোতে সামরিক প্রশিক্ষণ চালু করবে, জানিয়েছে ব্রিটেন

১২ নভেম্বর, ২০২২ তারিখে, ইউক্রেনের মাইকোলাইভ অঞ্চলে ইউক্রেনীয় সৈন্য ও রাশিয়ান হানাদারদের মধ্যে যুদ্ধের পর একটি পোড়া সামরিক গাড়ি রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যাচ্ছে।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার ইউক্রেন সম্পর্কে তাদের দৈনিক গোয়েন্দা আপডেটে বলেছে, রাশিয়ার শিক্ষামন্ত্রী সের্গেই ক্রাভস্টভ বলেছেন, "স্কুলগুলোতে সামরিক প্রশিক্ষণ ২০২৩ সালের সেপ্টেম্বরে আবার শুরু হতে যাচ্ছে।‘’

এই প্রশিক্ষণের মধ্যে রয়েছে, " আকস্মিক রাসায়নিক বা পারমাণবিক হামলার, প্রাথমিক চিকিৎসা এবং কালাশনিকভ রাইফেলগুলি পরিচালনা এবং ফায়ারিংয়ের অভিজ্ঞতা।‘’

প্রতিবেদনে বলা হয়, ‘’২০১৪ সালে ক্রাইমিয়ায় রাশিয়ার আগ্রাসনের পর রুশ কর্মকর্তারা এই প্রশিক্ষণ পুনরায় শুরু করার চেষ্টা করেন। আশা করা হয়েছিল, এই উদ্যোগটি নিয়োগের গুণমান বাড়িয়ে তুলবে। আট বছর পরে, তার খুব সামান্যই পরিবর্তন হয়েছে। কম মনোবল এবং সীমিত প্রশিক্ষণের কারণে রাশিয়ান নিয়োগগুলোর মান খারাপই রয়ে গেছে।”

রাশিয়া এখন প্রশিক্ষণ কর্মসূচির জন্য পাঠ্যক্রমের খসড়া তৈরি করছে বলে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে। পাঠ্যক্রমের উন্নয়ন বছরের শেষ দিকে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে এবং তারপরে তা একটি অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি, শনিবার খেরসনে ইউক্রেনীয় সেনাদের বিজয়কে স্বাগত জানিয়েছেন।

তার ভিডিও ভাষণে জেলেন্সকি বলেন, প্রতিরক্ষা বাহিনী খেরসন অঞ্চলের ৬০টিরও বেশি বসতির নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, ইউক্রেনীয় সৈন্যরা "আক্রমণকারীদের হাত থেকে আমাদের পুরো ভূখণ্ডকে মুক্ত করবে।"