বাংলাদেশি প্রবাসীদের প্রশংসা করেছেন ওয়েস্ট মিডল্যান্ডস-এর মেয়র অ্যান্ডি স্ট্রিট

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও ওয়েস্ট মিডল্যান্ডস-এর মেয়র অ্যান্ডি স্ট্রিট

যুক্তরাজ্যের বার্মিংহামের উন্নয়নে,বাংলাদেশি প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেছেন ওয়েস্ট মিডল্যান্ডস-এর মেয়র অ্যান্ডি স্ট্রিট।

সোমবার (১৪ নভেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, ওয়েস্ট মিডল্যান্ডস-এর মেয়র অ্যান্ডি স্ট্রিট-এর সঙ্গে বৈঠক করেন। ২০২২ সালে, বার্মিংহাম কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য মেয়র অ্যান্ডি স্ট্রিটকে অভিনন্দন জানান প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শাহরিয়ার আলম রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতার জন্য যুক্তরাজ্যকে ধন্যবাদ জানান। রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে প্রত্যাবাসনের পক্ষে দেশটিকে আরও সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানান তিনি। এসময় ওয়েস্ট মিডল্যান্ডস-এর মেয়র বাংলাদেশি প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেন।

দুই দেশ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উদযাপন করায় বাংলাদেশ সফরের জন্য প্রতিমন্ত্রী মেয়রকে ধন্যবাদ জানান। ওয়েস্ট মিডল্যান্ডস-এর মেয়র প্রতিমন্ত্রী-কে তার ২০৪১ সালের মধ্যে বাস্তবায়নাধীন জলবায়ু নীতি সম্পর্কে অবহিত করেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে চলমান অংশীদারিত্বের কথা তুলে ধরেছেন। উভয়েই উল্লেখ করেন যে জলবায়ু কর্মকাণ্ড সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।