সিলেট চলচ্চিত্র উৎসবের ৫ম আসরে তিন হাজারের বেশি চলচ্চিত্র জমা পড়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) ছিল এ উৎসবে চলচ্চিত্র জমাদানের সময় শেষ হয়। এতে ছয়টি নির্ধারিত বিভাগে ১১১টি দেশ থেকে মোট ৩০৬৫টি চলচ্চিত্র জমা পড়ে, যা গত পাঁচ আসরের মধ্যে সর্বোচ্চ।
চলচ্চিত্র উৎসবের আয়োজক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। গত ১৭ অক্টোবর সিলেট সংগঠনটি উৎসবের জন্য চলচ্চিত্র আহ্বান করে। সেই সময় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের প্রধান উপদেষ্টা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তফা সামছুজ্জামান চলচ্চিত্র জমাদান প্রক্রিয়ার উদ্বোধন করেছিলেন।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি সব্যসাচী নিলয় জানান, “আগামী কয়েক দিন চলচ্চিত্র বাছাই চলবে। আশা করি নির্ধারিত সময়ের মধ্যে সিলেট চলচ্চিত্র উৎসবের ৫ম আসর সকলের সামনে নিয়ে আসতে পারব।”
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ স্বাধীন-ধারার চলচ্চিত্রকে উৎসাহ প্রদানের লক্ষ্যে সিলেট চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে। সংগঠনটি উৎসব উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা অনুষ্ঠান ও কর্মশালাসহ নানামুখী আয়োজন করে।