সুনামগঞ্জে পুলিশি হয়রানির প্রতিবাদে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাংলাদেশের সুনামগঞ্জে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন পরিবহন শ্রমিকরা। বাস টার্মিনাল সংস্কার ও পুলিশি হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত থেকে সকল ধরনের বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা করেছে সুনামগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়ন।

এ কারণে সুনামগঞ্জ থেকে দূরপাল্লার বাসসহ কোনো বাস চলাচল করছে না। ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা। সুনামগঞ্জ শহরের পুরাতন বাস টার্মিনালের কাউন্টারগুলো বন্ধ। দুই একটি বাস ছাড়া সব বাস সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে।

যাত্রীরা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার জন্য এসে বাস বন্ধ দেখে বেকায়দায় পড়েছেন। অনেকেই অগ্রিম টিকিট নিয়ে রেখেছিলেন। কাউন্টারে আসার পর, টাকা ফেরত দেওয়া হয়েছে যাত্রীদের। কেউ কেউ চেষ্টা করছেন সিলেটে যাওয়ার। তাও সম্ভব হচ্ছে না।

জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউল কবির বলেন, “আমাদের কোনো বাসস্ট্যান্ড নেই। এছাড়া বাস রাখার পর্যাপ্ত কোনো জায়গা নেই। তাই বাস সড়কে রাখতে হয়। সড়ক ছাড়া আর কোনো জায়গা নেই, যেখানে বাস রাখা যাবে। যার জন্য আমাদের বাস আটক করেছে পুলিশ। এমনকি শ্রমিকদের হয়রানি করা হচ্ছে। এর প্রতিবাদে আমরা কর্মবিরতির ডাক দিয়েছি।”

জেলা পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, অবৈধ পার্কিংয়ের কারণে সৃষ্ট যানজট থেকে সড়ক মুক্ত রাখতে এবং বাসের বৈধ কাগজপত্র সঙ্গে না থাকায় বাস আটক করা হয়েছে। অবৈধ পার্কিং এবং বৈধ কাগজ না থাকায় শ্যামলী, মামুন, সাকিল পরিবহনের তিনটি বাস আটক আছে বলেও জানায় পুলিশ।

সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ বলেন, “সড়কের দুই পাশে বাস রাখায় সাধারণ মানুষের ভোগান্তি, যানজট হচ্ছে। জেলার আইনশৃঙ্খলা কমিটির প্রতি সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। অনেকেই এ নিয়ে অভিযোগ করেছেন। এ অবস্থায় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য তিনটি বাস পুলিশ লাইনসে এনে রাখা হয়েছে। এ কারণে কর্মবিরতি ডেকে জনগণকে ভোগান্তিতে ফেলা যুক্তিযুক্ত হবে না। নগণের ভোগান্তি যাতে না হয়, এ জন্য বিষয়টি সমাধানের জন্য আমরা চেষ্টা করছি।”