হত্যা মামলার প্রকৃত ঘটনা উদঘাটন করতে মাঠ কর্মকর্তাদের প্রতি পুলিশ সদর দপ্তরের নির্দেশনা

মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নিবিড় তদন্তের মাধ্যমে হত্যা মামলার প্রকৃত ঘটনা উদঘাটন করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
রবিবার (২৭ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. আতিকুল ইসলাম। এআইজি সুনন্দা রায় অপরাধ নিয়ে বিশ্লেষন উপস্থাপন করেন।
সভায় সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলা পর্যায়ের পুলিশ সুপাররা (এসপি) ভার্চুয়াল প্লাটফরমে অংশ নেন। পুলিশ সদর দপ্তরের ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ওয়াই এম বেলালুর রহমান, ডিআইজি (অপারেশনস) মো. হায়দার আলী খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।

এআইজি (ক্রাইম অ্যানালাইসিস) সুনন্দা রায়,চলতি বছরের অক্টোবর মাসে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি, সভায় তুলে ধরেন। বিভিন্ন মামলার পরিসংখ্যান পর্যালোচনা করে সভায় জানানো হয়, গত সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবরে মোট নথিভুক্ত মামলার সংখ্যা কমেছে।